২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎসব

ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অনুষ্ঠিত ‘ফেত দো লা ভিল’ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 10:10 AM

Updated : 11 Oct 2022, 02:14 PM

স্থানীয় সময় শনিবার ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে বসবাসরত বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠীর সমন্বয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ উৎসব।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সকাল ১১টায় শুরু হওয়া এ উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজ নিজ কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জাতিগত সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করেন।

একশ’রও বেশি দেশ ও সংগঠনের উপস্থিতিতে এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ’।

উদীচী তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, ভাস্কর্য অপসারণ, দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্বসহ প্রগতিশীল আন্দোলনকারী নেতাকর্মীদের উপর হামলা, হত্যার হুমকি ও মামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ গঠনের আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে।

ওবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই, প্রথম সহকারী মেয়র আন্তনি দাগে, মেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু, সহকারী মেয়র ফেতি শোদর, সহকারী মেয়র ক্যামেলা কামিলি শহরে অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেত্রীস্থানীয় ব্যক্তিদের সাথে বাংলাদেশের চলমান প্রগতিশীল জনগণের আন্দোলনের পক্ষে স্বাক্ষর দিয়ে সমর্থন জানান। এছাড়া ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা’ বাংলাদেশে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে।

ওবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই তার অভিমত ব্যক্ত করে বলেন,  পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্টের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে শুধু এরকম একটা বনাঞ্চলই নয়, এটা বাংলাদেশসহ গোটা পৃথিবীর পবিবেশের ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। তিনিসহ অন্যান্যরাও সুন্দরবন রক্ষার আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে স্বাক্ষর করেন।

এই উৎসব ও স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মণ্ডল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ কুমার বড়ুয়া,  সহ সভাপতি রোজী মজুমদার, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সংগঠক জুয়েল দাশ লেনিন, উদীচী ফ্রান্স সংসদের আপ্যায়ন সম্পাদক দুলাল চন্দ মিশেল, প্রচার সম্পাদক সুদেশ বড়ুয়া, উদীচী ফ্রান্স সংসদের কার্যকরী সদস্য নন্দন ধর, সদস্য শুভাশীষ রায় শুভ, জুলিয়া আহসানসহ আরও  অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!