২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বৈধতাপ্রত্যাশীদের শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের বৈধ হতে সরকারের দেওয়া সাড়ে চার মাসের সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 10:38 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার মধ্যরাতের পর থেকেই অবৈধদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী।

কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ই-কার্ড নেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু হবে; তাদের নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে।

“এমনকি স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছেন, তারাও রেহাই পাবেন না।”

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) বা সাময়িক কাজের অনুমতিপত্র পেতে যে ১৫টি দেশের নাগরিকরা আবেদন করেছেন, তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

২৬ হাজার ৯৫৭টি কোম্পানির মোট একলাখ ৫৫ হাজার ৬৮০ জন অবৈধ প্রবাসী আবেদনকারীর মধ্যে বাংলাদেশির সংখ্যা ৭১ হাজার ৯০৩; এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া (২৬ হাজার ৭৬৪) ও মিয়ানমারের (১১ হাজার ৮২৫) নাগরিকরা।

এক লাখ ৪০ হাজার ৭৪৬ জনকে ই-কার্ড ইস্যু করা হয়েছে, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চার ভাগের একভাগেরও কম।

এই সময়ে মোট ৬ লাখ অবৈধ শ্রমিক ই-কার্ডের সুবিধা নেবে বলে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল।

১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার এ সুযোগ চালু করে।

বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম তখন জানান, রি-হায়ারিং কর্মসূচির সহায়ক হিসেবে মালয়েশিয়া সরকার ই-কার্ড কর্মসূচি চালু করে।

এই কর্মসূচির আওতায় পাওয়া ই-কার্ড ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

যাদের পাসপোর্ট নেই তারা এই সময়ের মধ্যে হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করে তারপর রি-হায়ারিং কর্মসূচির আওতায় ভিসা নিতে পারবেন।

মালয়েশিয়ার শিল্প মালিকদের বিভিন্ন সংগঠন ই-কার্ড নেওয়ার এ সময়সীমা আরও বাড়ানোর দাবি করেছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!

পুরনো খবর:

মালয়েশিয়ায় বৈধ হওয়ার ‘সেরা সুযোগ’
মালয়েশিয়ায় বৈধ শ্রমিক হতে নিবন্ধন শুরু বুধবার