‘ইউহান্নুসের’ পর এলো ঈদের খুশি
একদিন আগেই গোটা ইউরোপ জুড়ে ছিল মধ্য গ্রীষ্মের জমজমাট উৎসব ‘ইউহান্নুস’। এবার সেই উৎসবের রঙে বাড়তি সঙ্গী মুসলিম সম্প্রদায়ের ঈদের বাঁকা চাঁদের হাসি।
মাসব্যাপী বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের (প্রায় ২১ ঘণ্টা) রোজার পর অন্যান্য দেশের মতো ফিনল্যান্ডের মুসলিম ধর্মাবলম্বীরাও রোববার পালন করছেন দিনটি। ধর্মীয় রীতি মেনে হয়েছে ঈদের জামাত।
রাজধানী হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রধান দুইটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় কনতুলা স্কুল মিলনায়তন ও হাকানিয়েমীর মেরী হাকা পাল্লোহাল্লিতে।
কনতুলার জামাতে ইমামতি করেন বশির আহমেদ এবং হাকানিয়েমীতে হেলসিংকি দারুল আমান মসজিদের খতিব আবদুল কুদ্দুস খান।
ঈদ জামাতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল মনির, নাজমুল হুদা, কামরুল আলম কমল, নাসির খান, আরিফ হক, জহুরুল ইসলাম সিকদার, রফিকুল হায়দার টিপু, জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, আবুল হাসেম চৌধূরী, আতাউর রহমান খান, এম এ হারুন, এম এ মান্নান, বদরুম মুনীর ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, মোস্তফা আজাদ বাপি প্রমুখ।
প্রবাসের ঈদ সম্পর্কে জানতে চেয়েছিলাম জোবায়ের সরকার আর্সনালের কাছে।
একটি প্রতিষ্ঠানের বিপণন সমন্বয়ক এই প্রবাসী বাংলাদেশি বলেন, “স্বজনদের মিস করছি। তাদের প্রতি মায়াতো ভোলা সম্ভব নয়, মায়া আর স্মৃতিকে সঙ্গী করেই আমাদের ঈদ উদযাপন। নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিই। রীতি মেনে নেমতন্ন থেকে শুরু করে সব আয়োজনই থাকে আমাদের প্রতিটি ঈদের উৎসবে।”
“শুধু ধর্মীয় নয়, এই উৎসবের মধ্য দিয়ে আমদের সম্পর্কগুলোও বেশ মজবুত হয় প্রতিনিয়ত,” বলেন জোবায়ের।
হাজার মাইল দূরে থাকা স্বজনদের কাছে মন পড়ে থাকলেও বিচ্ছেদকে মেনে নেওয়া বেশ রপ্ত করে ফেলেছেন আহাদ মিন রাফি।
হাসিমুখে রাফি কথাগুলো যখন বলছিলেন কণ্ঠটা খানিকটা কেঁপে উঠেছে বলে মনে হলো।
আনন্দ-বিরাগের নানা অনুভূতির মাঝে এখানেও চলে একে অপরের বাড়িতে নিমন্ত্রণপর্ব। কোলাকুলি হয়, মেলে ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর।
“টেলিফোন করে স্বজনদের আনন্দের খোঁজ নেওয়ার মাঝেই প্রবাসীদের ঈদের আমেজ খানিকটা সীমাবদ্ধ,” বলছিলেন জামান সরকার।
“আমারতো মনে হয় ঈদ মানে শিকড়ের মানুষগুলোর সঙ্গে সংযোগের উপলক্ষ। এই যে টেলিফোনে খোঁজ নিচ্ছি, তাদের কেনাকাটার কিংবা আয়োজনের খোঁজ নিচ্ছি- এর মধ্য দিয়েই আমরা আমাদের তৃপ্তি খুঁজে নিচ্ছি। আমরা দু’দিন ঈদ করি, একদিন দেশের সঙ্গে মিলিয়ে, অন্যদিন প্রবাসের সময়ে!”
তবে নানাজনের সঙ্গে কথা বলে ত্যাগের প্রকৃত উদহারণ মিলল ভিনদেশের এই ঈদ উৎসবে; স্বজনের জন্য, স্বদেরশের জন্য তাদের ত্যাগ অনেক কিছুকেই হার মানাবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
