ব্রিটেনে সম্মানজনক খেতাবে ভূষিত পাঁচ বাঙালি
ব্রিটেনের রানীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন ব্রিটিশ-বাংলাদেশিকে সম্মানজনক খেতাবে ভূষিত করা হয়েছে।
খেতাবপ্রাপ্তরা হলেন- ব্যাংকার সুলতান আহমদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার, শেফ টমি মিয়া, আর্টিকেল ১৯-এর তাহমিনা রহমান ও আসিফ আনওয়ার আহমদ।
এদের মধ্যে সুলতান ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই), জব্বার, টমি ও তাহমিনা মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) এবং আসিফ আনওয়ার ওর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ-সিএমজি খেতাবে ভূষিত হয়েছেন।
প্রতি বছর দুই দফায় জুন মাসে নিজের জন্মদিন উপলক্ষে এবং ইংরেজি নববর্ষে কয়েকশ ব্যক্তিকে বিভিন্ন মর্যাদার সম্মাননা দেন ব্রিটিশ রাণী।
এ বছর ‘ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননার শতবর্ষ উদযাপন হচ্ছে।
এবার মোট সম্মাননাপ্রাপ্ত এক হাজার ১০৯ জনের মধ্যে প্রায় ১০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
সুলতান আহমদ চৌধুরী
ব্রিটেনের আল রায়ান ব্যাংকের (সাবেক ইসলামী ব্যাংক অব ব্রিটেন) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান চৌধুরী ১৯৯৪ সালে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করে। এরপর আস্টন বিজনেস স্কুল থেকে এমবিএ করেন তিনি।
কর্মজীবনে হিসাব রক্ষণ প্রতিষ্ঠান ডেলয়েট অ্যান্ড টুশ, চার্লস শোয়াব ইউরোপ এবং বার্কলেজ প্রাইভেট ব্যাংকে চাকরি করেন সুলতান আহমদ চৌধুরী।
২০০৪ সালে ইসলামী ব্যাংক অব ব্রিটেনের প্রতিষ্ঠালগ্নে ব্যবস্থাপনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে তিনি ব্যাংকের কমার্শিয়াল ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
ইসলামী ফিন্যান্সিয়াল সার্ভিস উন্নয়ন বিষয়ক যুক্তরাজ্য সরকারের উপদেষ্টা পর্ষদের সদস্য ছিলেন সুলতান চৌধুরী।
আব্দুল জব্বার
হাউজিং ম্যানেজমেন্টে ইউনিভার্সিটি অব সলফোর্ড থেকে এমএসসি ডিগ্রিধারী আব্দুল জব্বার পেশায় হাউজিং ম্যানেজার। ওল্ডহ্যামে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি।
টমি মিয়া
এডিনবরায় রাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা টমি মিয়া ঢাকায়ও একটি রেস্তোরাঁ চালু করেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনি ক্যান্সার রিসার্চ ইউকে, শিশু পল্লী, সিআরপি, আরবিস চক্ষু হাসপাতালসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করে দেন।
তাহমিনা রহমান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, ওয়াটারএইড- এর বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন তাহমিনা রহমান। এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে বিভিন্ন সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আসিফ আনওয়ার আহমদ
ডারহাম ইউনিভার্সিটির অর্থনীতির গ্রাজুয়েট আসিফ আনওয়ারের জন্ম যুক্তরাজ্যে, ১৯৫৬ সালে। বাংলাদেশি বংশোদ্ভূত এক কূটনীতিকের ছেলে আসিফ ১৯৯৬ সাল পর্যন্তু ব্রিটেনে একটি ব্যাংকে কাজ করেন। পরে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে যোগ দিয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
