সিডনিতে নিরাপত্তার কারণে গির্জায় ঈদ মেলা
অস্ট্রেলিয়ার টেম্পিতে আয়োজনের উদ্যোগ থাকলেও নিরাপত্তার কারণে ভেন্যু পরিবর্তন করে লাকেম্বাতে ‘বাংলা ঈদ মেলা’ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
গত ১০ জুন সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপশহর লাকেম্বার ইউনিটিং চার্চে ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাঙালিরা এ মেলার আয়োজন করেন।
মেলা কমিটির প্রধান মোস্তফা শাহরিয়ার হাবীব বলেন, “এবারের মেলা টেম্পিতে বড় ভেন্যুতে করার উদ্যোগ থাকলেও নিরাপত্তার ইস্যুতে ভেন্যু কর্তৃপক্ষ সেই আয়োজন বাতিল করে। তাই ছোট পরিসরে মেলার আয়োজন করতে হয়েছে।”
তিনি স্টল বুকিংকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।
স্টলগুলো বাংলাদেশি শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের নুতন ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, পুরুষদের কোর্তা পাঞ্জাবি, ছোট শিশুদের রকমারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকারসহ বিভিন্ন রকমের পোশাক দিয়ে সাজানো ছিল। বিদেশের মাটিতে দেশিয় আমেজে প্রবাসী বাঙালিদের ঈদের আগাম কেনাকাটা করতে দেখা যায়।
