যুক্তরাষ্ট্রে প্রবাসী বয়স্ক বাংলাদেশিদের আবাসন প্রকল্প
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান শহর জর্জিয়া রাজ্যের আটলান্টায় প্রবাসী বয়স্ক বাংলাদেশিদের জন্য একটি আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রবাসীরা।
আটলান্টার বিউফোর্ড হাইওয়েতে মনসুন মাসালা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী সমাজ সংগঠক গিয়াস উদ্দিন ভূঁইয়া ‘আমেরিকান সিনিয়র হাউজিং অ্যাপার্টমেন্ট’ নামে এ আবাসন প্রতিষ্ঠার ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়।
গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, “এই প্রকল্পের অধীনে তিনতলা বিশিষ্ট আটটি অ্যাপার্টমেন্টে মোট চব্বিশটি কন্ডমিনিয়াম বাড়ি তৈরি হবে। চারদিক ঘিরে তৈরি এই বাড়িগুলোর মাঝখানে থাকবে সাধারণ লবি, কমিউনিটি মিলনায়তন, পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজঘর, আলাদা ব্যায়ামাগার, ইনডোর ওয়াকিং ট্রেইল, টেলিভিশন ও চিত্তবিনোদন কক্ষসহ বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা।”
এধরনের আবাসন প্রকল্প এখন যুক্তরাষ্ট্রের মূলধারার জেষ্ঠ্য নাগরিকসহ অন্যান্য দেশে সমাদৃত হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “স্বদেশ থেকে যোজন যোজন দূরে এসে বয়স্ক প্রবাসীরা দেশান্তরী জীবনের শেষ সময়গুলো যাতে একই বয়সের অন্যান্য বাংলাদেশিদের সাথে নিজেদের চিন্তা-ভাবনাগুলি শেয়ার করতে পারেন, তেমন একটি পরিমণ্ডল গড়ে তুলতেই এ আবসান প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রস্তাবিত আবাসিক প্রকল্পের নাগিরকদের নিয়ে অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা পরিষদ তৈরি হতে পারে জানিয়ে তিনি এ প্রকল্পে আগ্রহীদের ৬৭৮ ৪৭১ ৬১৪৩ বা ৪৭০ ৩৭৫ ৮৩৮৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জর্জিয়া বাংলা ডটকমের সম্পাদক রুমী কবির, মানচিত্র নিউজ ডটকমের সম্পাদক এ এইচ রাসেল, ঠিকানার জর্জিয়া প্রতিনিধি শামসুল আলম, মুজিবসেনা ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও সংগঠক এস এম জাহিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ে করেন কমিউনিটি সংগঠক ও রম্য লেখক আবু লিয়াকত হুসেন ও ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য শেখ রহমান চন্দন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
