‘বাংলাদেশের সাফল্যের গল্প সবাইকে বলুন’
বৈশ্বিক অর্থনৈতিক বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ অর্থনীতি ‘গতিশীল হয়েছে’ উল্লেখ করে তা সবাইকে অবহিত করার আহ্বান জানিয়েছেন ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক সেলিম জাহান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কাছে এফএফ ভবনে ইউএনডিপির ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুসন অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ: দ্য সাকসেস স্টোরি অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস’ শিরোনামে এ বিশেষ বক্তৃতামালায় তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, “সারাবিশ্বের অর্থনীতি যখন টলটলায়মান ছিল, তখনও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ছিল এবং এখন তা গতিশীল হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংক উন্নয়নমুখী ভূমিকা পালন করেছে।”
সেলিম জাহানের মতে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির নেপথ্যে ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল অন্তর্ভুক্তি’র ভূমিকা অপরিসীম। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাফল্যের এ গল্প নিজ নিজ দফতরের সবাইকে অবহিত করার জন্য আহ্বান জানান তিনি।
এ বিশেষ বক্তৃতামালায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ চীন, ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের অর্ধশতাধিক অর্থনীতিবিদ ও ব্যাংকিং ব্যবস্থাপনার কর্মকর্তারা অংশ নেন।
“পাশাপাশি ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করেছে কেন্দ্রিয় ব্যাংক। যারা আর্থিকভাবে একেবারেই অস্বচ্ছল, তাদেরকে উদ্যোক্তা হওয়ার উৎসাহ দিয়ে ওপরে আনার ক্ষেত্রে তারা আন্তরিক অর্থে কাজ করছেন কৃষি সেক্টরে ফান্ডিং দিয়ে, এসএমই ফান্ডিংয়ের মাধ্যমে।”
আতিউর রহমান আরও বলেন, ‘বাংলাদেশে এখন মোবাইল ব্যাংকের একাউন্টের সংখ্যা ৪ কোটিরও বেশি। বিশ্বের আর কোন দেশে এতটা নেই। বাংলাদেশে এটি সম্ভব হচ্ছে কারণ, এজন্য একটি নিয়ম-নীতি রয়েছে। একজন বা একপক্ষ আরেকপক্ষের অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারেন এ রেগুলেশনের ভিত্তিতে। সম্মুখে এগিয়ে চলার ক্ষেত্রে পার্টনারশিপের বিকল্প নেই। আর এই পার্টনারশিপে যুক্ত হয়েছে ব্যাংক, এনজিও ও ব্যক্তি বিশেষ। বাংলাদেশ আর্থিকভাবে এগিয়ে যাবার ক্ষেত্রে এটিও বড় একটি অবলম্বন।”
এ বক্তৃতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। জাতিসংঘের চলতি অধিবেশনের সভাপতি পিটার থমসনের উদ্যোগে ‘অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপি আলোচনা সভার পর এ বক্তৃতা অনুষ্ঠিত হলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
