ইতালি আওয়ামী লীগের ইফতার
প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ইফতার আয়োজন ও সভা করেছে ইতালি আওয়ামী লীগ।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রোমে ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এনামুল হক শামীম বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে প্রবাসী বাঙালিদের সজাগ ও সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের জবাব দিতে হবে।”
ছাত্রলীগের সাবেক এ সভাপতি আরও বলেন, “আওয়ামী লীগ,জননেত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশে আজ উন্নয়ন হচ্ছে। না হলে দেশ পিছিয়ে যেতো। বিএনপি আসলে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যায়। গত আট বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা বিগত ২৮ বছরে কেউ করতে পারেনি।”
প্রবাসীদের উদ্দেশে শামীম বলেন, “১/১১ জরুরী সরকার যখন জননেত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করেন, তখন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করেছিল। আবার ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য যখন বিএনপি দেশব্যাপী সন্ত্রাস করে সে সময়ও প্রবাসী নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নারকীয় তাণ্ডব দেশ বিদেশে তুলে ধরেছে।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-লোকমান হোসেন,জি এম কিবরিয়া,জহির সিকদার,জাহাঙ্গীর ফরাজি ও কিটন শিকদার মিন্টু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
