গণেশ কিন্তু উল্টে গেছে: জাসাস সাধারণ সম্পাদক
বাংলাদেশে ক্ষমতাসীন সরকার ‘অপকর্ম’ করছে দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার আয়োজন ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, “প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম করার রাজনীতি শুরু হয়েছে। তবে গণেশ কিন্তু উল্টে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই স্বীকার করেছেন যে, লুট করা অর্থ নিয়ে বিদেশে পালাতে হবে। কিন্তু আমরা তা হতে দেব না। সব অপকর্মের বিচার করা হবে বাংলার মাটিতে।”
জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
