২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিএনপির মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মতবিনিময় সভার আয়োজন করেছে ‘যুক্তরাষ্ট্র বিএনপি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 11:52 AM

Updated : 11 Apr 2022, 11:45 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাজী মো. আসাদউল্লাহ ও পরিচালনা করেন তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জসীমউদ্দিন।

দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, “পঁচাত্তরের বাকশালী স্বৈরশাসনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশের বর্তমান অবস্থা। জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে চিরদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার স্বপ্নে শাসকগোষ্ঠী সারা বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের মহোৎসব শুরু করেছে।”

এ অবস্থা থেকে বাংলার মানুষ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে উদ্ধারের জন্যে বিএনপির আন্দোলনের বিকল্প নেই বলে উল্লেখ করেন বাদল।

ঈদের পর আন্তর্জাতিক মিত্রদের সাথে লবিং জোরদারের পাশাপাশি প্রবাসে সর্বস্তরের জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদকে বাড়ি থেকে উৎখাতের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাদল বলেন, “বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী বানিয়ে এহেন অপশাসন আর দুঃশাসনের সমুচিত জবাব দেওয়া হবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূর কবীর, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হুসেন রাজু এবং সেক্রেটারি মনিরুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য দেন ইফতার-মাহফিলের জন্যে গঠিত সাব-কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম অপু, মহিলা সম্পাদিকা জিনাত রেহানা রিনা, সহ-সভাপতি মজিবর রহমান, খোরশেদ আলম ও হুমায়ূন কবীর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!