২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের চিঠি: সিলেটিদের গালি দিয়ে সাংবাদিকের ফেইসবুক পোস্ট নিয়ে কিছু কথা

লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে আসা গাজী টিভির রিপোর্টার জাওয়াদ নির্ঝরের ফেইসবুক পোস্ট নিয়ে গত কয়েকদিন খুব তোলপাড় হয়ে গেলো লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অজন্তা দেব রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 07:51 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

কী পোস্ট তিনি দিয়েছিলেন- তা তার ফেইসবুক পোস্টের স্ক্রিনশট থেকে আপনারাই দেখে নিন। আমার লিখতে রুচিতে বাঁধছে।

 

গাজী টিভি থেকে জাওয়াদকে চাকরিচ্যুত করার ঘোষণা আসার পর তা কিছুটা থেমে যায়। শুরু থেকেই আমি ঘটনাটা জানলেও এ নিয়ে কোন কিছু লিখিনি, কারণ আমরা ভেবেছি চাকরি হারিয়ে লোকটা তার কৃতকর্মের জন্য শাস্তি পেয়ে গেছে। আর কিছু বলার দরকার নেই।

কিন্তু আজ জানলাম সেই সাংবাদিক নাকি অনুতপ্ত হওয়া দূরের কথা বরং উল্টো গাজী টিভিকেও এখন দোষারোপ করছেন। তিনি তার ফেইসবুক পোস্টে লিখেছেন যে, গাজী টিভি থেকে তার চাকরি যাওয়াটা নাকি একটা ‘আই ওয়াশ’ মাত্র। দেশে ফেরত গেলেই নাকি তাকে তার চাকরিতে পুনর্বহাল করা হবে। তার কাছে আরো টেলিভিশন চ্যানেলের চাকরির অফারও নাকি এসেছে।

সেই পোস্টে দেখলাম তার সহকর্মী সাংবাদিকসহ অনেকেই তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন ও মনে করছেন যে সে নির্দোষ। একজন লোক অপরাধ করবে, তারপর অনুতপ্ত না হয়ে উল্টো গলাবাজি করবে এটা হতে পারে না। আর এ কারণেই এ বিষয়ে কয়েকটি ব্যাপার আপনাদের সামনে তুলে আনাটা আমি জরুরি মনে করছি।

প্রথমত, সাংবাদিক জাওয়াদ নির্ঝর দাবি করেছেন যে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওই খেলার দিন স্টেডিয়ামে তার সাথে কোন ঘটনা ঘটেনি। সেটা নির্জলা মিথ্যা কথা। যে গ্যালারিতে ওই ঘটনা ঘটে সেই গ্যালারিতে বসেই খেলা দেখছিলাম আমি ও আমার বন্ধুরা। খেলা চলার সময়ে হঠাৎ করে আমাদের কয়েকটা আগের একটা সারিতে হট্টগোল ওঠে। আমরা ভেবেছিলাম দুই গ্রুপে হয়তো ঝগড়া লেগেছে। আমরাও চিৎকার করে ওদেরকে থামতে বলছিলাম।

এর মধ্যে সিলেটি ভাষায় ‘মারো ওকে’ ‘ধরো ওকে’ কথাগুলো স্পষ্টই আমার কানে আসে। কিছুক্ষণের মধ্যে নিরাপত্তাকর্মীরা এসে একজনকে বের করে নিয়ে যায়। আমরাও আবার খেলায় মন দেই। এই ঘটনা আমার মোবাইলে ভিডিও  করা ছিল। দুর্বল নেটওয়ার্কের কারণে পুরোটা না হলেও ঝামেলার কিছু অংশ আমার মোবাইলের ভিডিওতে ধরা পড়েছে।

পরে জানতে পারি যে, ওই সারিতে বসা একজন দর্শকের গায়ে ওই সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ক্যামেরার গুঁতো লাগলে ওই দর্শক তাকে ‘সরি’ বলতে বলেন। এটা একটা সামান্য ভদ্রতার ব্যাপার। কিন্তু জাওয়াদ তা বলতে অস্বীকৃতি জানান এবং সেই থেকে উত্তপ্ত বাক-বিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে উপস্থিত দর্শকরা তাকে মারতেও উদ্যত হন।

এরপর নিরাপত্তাকর্মীরা এসে তাকে ওখান থেকে বের করে নিয়ে যায়। ব্যাপারটা সেখানেই শেষ হতে পারতো। কিন্তু তা হয়নি। সাংবাদিক জাওয়াদ নির্ঝর এরপর রাতে হোটেলে ফিরে চেক ইন দিয়ে তার মনের ঝাল মেটাতে লন্ডনের সিলেটি কমিউনিটিকে গালি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টটার প্রতিবাদে যখন নিন্দার ঝড় ওঠে তখন তিনি গা বাঁচানোর জন্য মোবাইল হারিয়ে যাবার হাস্যকর গল্প ফাঁদেন। তিনি নাকি তার মোবাইল প্রেসবক্সে ফেলে এসেছিলেন, অন্য কেউ নাকি তার ফোন থেকে এই স্ট্যাটাস দিয়েছে।

দ্বিতীয়ত, তিনি যে মিথ্যা বলছেন তা প্রমাণের জন্য প্রেসবক্সের সিসিটিভি ফুটেজ বা কখন কীভাবে তিনি ফোন হারিয়েছেন সেইসব প্রমাণ ও তার কাছে চাইবার দরকার নেই। তিনি তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এর আগেও লন্ডনের বাংলাদেশিদের কটাক্ষ করে পোস্ট দিয়েছেন। রোববার রাত ১১টা ২২ মিনিটে দেওয়া তার স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভাই, লন্ডনে থেকে যাবেন নাকি? লন্ডনের রাস্তায় অপরিচিত বাঙালিদের প্রশ্ন। ফইন্নির ঘরের ফইন্নিদের লন্ডনে থেকে টাকা পয়সা হইসে ঠিকই! মানুষ হইতে পারে নাই’,  চেক ইন দেয়া ইস্ট হ্যাম লন্ডনে। তাহলে রোববারেও কি তার মোবাইল থেকে কোন ভূত এসে গালাগালি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলো?

তৃতীয়ত, এমনকি যে বাংলাদেশ টিমের খেলা কাভার করতে তিনি লন্ডন আসতে পেরেছেন সেই টিমকেও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন ফেইসবুকে। সোমবার যখন সমগ্র বাংলাদেশের মানুষ আমাদের খেলোয়াড়দের পাশে দাঁড়ানো, তখন এ সাংবাদিক বাংলাদেশ দলকে বিদ্রুপ করে পোস্ট দেন ‘আমরা বড় দল! তাই এখনো বৃষ্টির জন্য প্রার্থনা করতে হয়’- বোঝেন অবস্থা!

চতুর্থত, এর আগেও এই সাংবাদিক নির্ঝরের বিরুদ্ধে এমন অশালীন আচরণের অভিযোগ উঠেছে ও প্রমাণিত হয়েছে। এমনকি একটি ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে মুচলেকাও দিতে হয়েছে।

সাংবাদিক নির্ঝর যদি গা বাঁচানোর জন্য একের পর এক মিথ্যা কথা না বলে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নিতেন তাও হয়তো সিলেটের মানুষ তাকে ক্ষমা করে দিতো। তার মতো একজন জঘন্য মানুষের বলা কথায় সিলেটের মানুষের কিছুই আসে যায় না, বরং এতে তার নোংরা চরিত্র, কুশিক্ষা ও ব্যাকগ্রাউন্ডেরই পরিচয় মেলে। কিন্তু এখন যেভাবে সেই লোক উল্টো নানান রকম কথাবার্তা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করে যাচ্ছেন সেখানে তাকে ক্ষমা করার প্রশ্নই আসে না।

গাজী টিভিসহ সব মিডিয়ার প্রতি অনুরোধ এই লোকটা তার নিজেকে শুধরে না নেওয়া পর্যন্ত তাকে বয়কট করুন।

আর তা না হলে এমন একজন জাওয়াদ নির্ঝরের জন্য কোটি মানুষ বাংলাদেশের মিডিয়ার উপর থেকে আস্থা হারাবে।

(লেখকের ব্যক্তিগত ব্লগ। মতামতের জন্য সম্পাদক ও প্রতিষ্ঠান দায়ী নয়।)

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!