পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে প্যারিসে কর্মসূচি
রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে প্রবাসী সংগঠন ‘লা ভোয়া দে জুম্ম’, ‘লে জামি দে জুম্ম’ ও ‘ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল’।
আগামী ১৫ জুন বিকেলে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সামনে ও ১৬ জুন সকালে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং একই দিন বিকেলে ফ্রান্স টেলিভিশন সেন্টারের সামনে এ কর্মসূচি পালিত হবে বলে আয়োজন সংগঠনগুলো এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে। কর্মসূচিতে থাকবে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।
প্রতিবাদ কর্মসূচিতে প্রবাসীদের উপস্থিত থেকে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছেন লা ভোয়া দে জুম্ম এর সভাপতি ডমিনিক ক্লোচন ও ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমা।
লংগদু সদর ইউনিয়ন যুবলীগের এক নেতার লাশ উদ্ধারের পর আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে গত ২ জুন উপজেলা সদরের কয়েকটি এলাকার পাহাড়িদের দুই শতাধিক বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
