‘তিন কন্যার জয় বাঙালির মেধার স্বীকৃতি’
পুনরায় বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়ে একে ‘বাঙালির মেধার স্বীকৃতি’ বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
তিন বাঙালি কন্যার এ বিজয়ে বিজয়-উল্লাস করেছেন আটলান্টিকের এ পাড়ের প্রবাসীরা। নির্বাচিত এ বাঙালি নারীরা প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবেন বলেও আশাপ্রকাশ করেন তারা।
পৃথক পৃথক বিবৃতিতে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকতার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন,নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের আহ্বায়ক রাশেদ আহমেদ ও সদস্য সচিব রেজাউল বারী,আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহিদুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান,পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
নেতারা বলেছেন,টিউলিপ সিদ্দিকের জয়লাভ বাঙালি জাতির জন্য গর্বের ও অহংকারের। রুপা হক ও রুশনারা আলীর জয়লাভে বাংলাদেশের ভাবমূর্তি আন্তজাতিক অঙ্গনে আরো মহিমান্বিত হলো।
ব্রিটিশ পার্লামেন্টে এই তিন নারীর কার্যক্রমে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাঙালির মেধার বহুজাতিক স্বীকৃতি মেলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
