চপস্টিক রুলস: জাপানিজ ভার্সন
‘ও হাসি নো ৎসুকাইকাতা’।
কী, লেখাটা পড়ে বিরক্তিতে ভ্রু কুঁচকে গেলো তো? ভাবছেন- এ আবার কী হাবিজাবি আবোল তাবোল!
দাঁড়ান, বুঝিয়ে বলছি। জাপানি ভাষায় ‘হাসি’ মানে হলো- চপস্টিক আর ‘ৎসুকাইকাতা’ হলো-ব্যবহারের কৌশল। আজ জাপানিদের চপস্টিক ব্যবহারের বিচিত্র সব নিয়মকানুন নিয়ে আপনাদের বলবো।
ধরুন, আপনি একটি জাপানিজ রেস্টুরেন্টে গিয়ে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছেন। ভেতরে আরামদায়ক পরিবেশ। মিষ্টি সুরে মিউজিক বাজছে। যেহেতু খাবার আসা পর্যন্ত আপনার কিছু করার নেই, তাই সামনে রাখা চপস্টিক তুলে আপনি মিউজিকের তালে তালে টেবিলে বাড়ি মারতে শুরু করলেন।
আরে রাখুন! থামুন, থামুন! করছেনটা কী আপনি! এ যে চপস্টিকের প্রতি দারুণ অসম্মান হয়ে গেলো! খাবার টেবিলে এই রকম আচরণ হলো এক্কেবারে ‘দা-মে’! মানে- নিষিদ্ধ। কোনোভাবেই এই কাজটি করা যাবে না। জাপানিজদের মতো চাইনিজরাও খাবার টেবিলে এই চপস্টিক দিয়ে বাড়ি মারার ব্যাপারটিকে দারুণ অপছন্দ করে।
জাপানিজরা চপস্টিককে সম্মান করে বলে ‘ও হাসি’। প্রসঙ্গ থেকে সরে গিয়ে একটু বলি, এই অতি সুসভ্য জাতির সবকিছুর আগে ‘ও’ জুড়ে দিয়ে সম্মান প্রদর্শনের এক অদ্ভুত বাতিক আছে। চপস্টিককে সম্মান করে বলে ‘ও হাসি’, চকোলেট বা মিষ্টিকে ‘ও-কাশি’, টয়লেটকেও সম্মান (!) করে বলে ‘ও তে-আরাই’।
প্রসঙ্গে ফিরছি। এবার ধরুন ডেটিং এ গিয়ে খেতে বসেছেন। সামনে বসা আপনার প্রিয়তম অথবা প্রিয়তমা, যে কিনা একজন জাপানিজ। ভালোবাসার আতিশায্যে গলে গিয়ে আপনার ইচ্ছে করলো তাকে নিজের প্লেট থেকে তুলে কিছু খাওয়াতে। নিজের চপস্টিক দিয়ে কিছুটা খাবার তুলে তাকে বললেন , ‘ওগো! এখান থেকে তোমার চপস্টিক দিয়ে খাবারটি একটু চেখে দেখবে কী?’
করবেন না , ভুলেও তা করবেন না! ব্রেকআপ তো শিওর, উপরি হিসেবে মাথায় চপস্টিকের ঘাঁ-ও জুটে যেতে পারে। চপস্টিক থেকে চপস্টিকে খাবার আদান-প্রদানের করার ব্যাপারটি ভীষণ অশুভ এদের কাছে। শুনেছি মৃত্যুর পর সৎকারের সময় পালিত একটি প্রথায় এরা চপস্টিক দিয়ে মৃত ব্যক্তির হাড়গোড় আদান-প্রদান করে।
এবার চলুন, ঝটপট চোখ বুলিয়ে নেই জাপানে খাবার টেবিলে বসে চপস্টিক দিয়ে আর কী কী করা যাবে না, তার উপর।
>> খাবার ছাড়া শুধু চপস্টিক কখনো মুখে ঢোকানো যাবে না বা চপস্টিক চোষা যাবে না। এতে দারুণ অমঙ্গল!
>> চপস্টিক দিয়ে ঠেলে খাবারের বাটি কখনো সামনে বা পেছনে নেওয়া যাবে না। এটা খুবই অভদ্র আচরণ। শুধু তাই নয়, খাবারের বাটির ওপর চপস্টিক কখনো খাড়াভাবে বা ক্রস করে রাখা যাবে না।
>> চপস্টিক দিয়ে খাবার ফুটো করে বা গুঁতিয়ে খাওয়া যাবে না। এটাও শিষ্টাচার বহির্ভূত।
>> ভাবুন, ঝোল জাতীয় কোন খাবার চপস্টিক দিয়ে ধরেছেন, টপটপ করে নীচে ঝোলের ফোঁটা পড়ছে। এই অবস্থাকে এরা বলে ‘নামিদা হাসি’ অর্থাৎ ‘ক্রন্দনরত চপস্টিক’। এটা তো করাই যাবে না, মানে ‘হাসি’কে কখনোই ‘কাঁদানো’ যাবে না!
জাপানিজ রেস্টুরেন্টগুলোর একটা মজার ব্যাপার বলি। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এরা রেস্টুরেন্টের সামনে খাবারের হুবহু রেপ্লিকা সাজিয়ে রাখে। খাবার খেতে যতটা না, রেপ্লিকাগুলো দেখায় তারচেয়েও বেশি সুস্বাদু।
সে যাই হোক, প্রথমবারের মতো একটি জাপানিজ রেস্টুরেন্টে ‘সোবা’ (স্যুপ নুডলস জাতীয় খাবার) খেতে গিয়েছি। বসতে না বসতেই আমার সামনের টেবিলে বসা এক জাপানিজ ভদ্রলোক চপস্টিক দিয়ে খানিকটা ‘সোবা’ তুলে নিয়ে ‘সুড়ুত’ করে খেয়ে নিলেন। আমি তখন নাক কুঁচকে ভাবছি, এ আবার কেমনতরো বদ-অভ্যাস! এক সেকেন্ড পরেই পেছনের টেবিল থেকে ভদ্রলোক বিকট আওয়াজ তুলে ‘সুড়ুত’ করে উঠলেন! আমি এবার রীতিমতো চমকে গিয়ে ভাবলাম, এ কোন বর্বর অসভ্য মানুষের দেশে এসে পড়লাম রে বাবা! মনে পড়ছিলো, দেশে থাকতে শব্দ করে চা খেতে দেখলেও সবাই বিরক্তি নিয়ে তাকাতেন।
আবারও চপস্টিকে ফিরে আসি। এই বস্তু ধরারও সহিহ্ কলা-কৌশল আছে। চপস্টিক ধরার সময় কনে আঙ্গুলটিকে চপস্টিকের সাথে স্পর্শ করানোর কোনো প্রয়োজন নেই। প্রথমদিকে চপস্টিক দিয়ে আমি খাবার তো ধরতে পারতাম, কিন্তু মুখের কাছে নিতে নিতে সেই খাবার আবার বাটিতে পড়ে যেতো। সে এক বিচ্ছিরি বিব্রতকর পরিস্থিতি!
উপায়ান্তর না দেখে আমি ‘ওয়াতানাবে’ নামে আমার এক জাপানিজ বন্ধুর দারস্থ হলাম। আমি দেখেছি, এই ছেলে বার্গারও চপস্টিক দিয়ে খায়। সে টেবিলের উপর একটি ইরেজার রেখে আমায় বললো, এবার সহিহ্ তরিকায় এটিকে চপস্টিক দিয়ে তোল। পাঠক, আমার প্রাথমিক পারফরমেন্স ছিলো রীতিমতো ন্যাক্কারজনক। সপ্তমবারের চেষ্টায় আমি সেটিকে ঠিকভাবে তুলতে পেরেছিলাম।
জাপানিজ সভ্যতা আর সংস্কৃতিতে চপস্টিক একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। এরা যে চপস্টিক দিয়ে শুধু খায় তা নয়, রান্নার সময়ও একটু বড় সাইজের কুকিং চপস্টিক ব্যবহার করে।
বিভিন্ন বর্ণের আর বিচিত্র ডিজাইনের চপস্টিক এখানকার শপগুলোতে পাওয়া যায়। কিছু কিছু দেখতে অদ্ভুত সুন্দর। যদিও প্রাত্যহিক জীবনে সবসময় চপস্টিক ব্যবহার করা হয় না, তবু মাঝে মাঝে ইচ্ছে করে কিছু সুন্দর চপস্টিক কিনে এমনিতেই বাসায় সাজিয়ে রাখি।
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
