দেশের বিভেদ প্রবাসে চান না খোকা
দেশের রাজনীতির দলীয় বিভেদ ভুলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিজ স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিউ ইয়র্কে ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি’র ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
খোকা বলেন, “একজনের বিপদে অন্য সকলে ঝাঁপিয়ে পড়ব-এটাই হচ্ছে এ সময়ের করণীয়। এখন এই প্রবাসে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিবাদ-বিভক্তি হওয়া উচিৎ নয়। আমিও এমন রাজনৈতিক বিবাদ পছন্দ করি না।”
ইফতার অনুষ্ঠানের মঞ্চে খোকার একপাশে আওয়ামী লীগ, আরেক পাশে বিএনপি এবং সামনে জেপির নেতা বসেছিলেন।
এই দৃশ্যকে ‘কম্যুনিটির সম্প্রীতির অনন্য উদাহরণ’ হিসেবে তুলে ধরে মুক্তিযোদ্ধা খোকা বলেন, “এমন সুন্দর অনুষ্ঠানে যাতে বারবার আসতে পারি, সে দোয়া চাচ্ছি।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলাউদ্দিন ভুলু বক্তব্য রাখেন।
আয়োজক সংগঠনের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সেক্রেটারি আব্দুল মতিন হাওলাদার।
আলোচনা সভা শেষে ইফতারের আগে মাওলানা ফায়েকুজ্জামান মোনাজাত করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
