রূপা হকের বড় জয়, এগিয়ে টিউলিপ-রুশনারাও
বড় ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বার যুক্তরাজ্যের পার্লামেন্টে ঢুকতে যাচ্ছেন রূপা হক।
রূপার মতো জিতেছেন লেবার পার্টির প্রার্থী আরও দুই বাঙালি নারী টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী।
বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন নারীসহ আট বাঙালি লড়েন বিরোধী লেবার পার্টির টিকেটে।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে প্রার্থী হয়ে গতবার মাত্র ২৭৪ ভোটে জিতে প্রথমবার পার্লামেন্ট সদস্য হয়েছিলেন কেমব্রিজের ডিগ্রিধারী রূপা।
দুই বছরের ব্যবধানে এবার ১৩ হাজার ভোটে জিতেছেন রূপা। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট; তার প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী পান ১৯ হাজার ২৭২ ভোট।
১৯৭২ সালে ইলিংয়ে জন্ম নেওয়া রূপা হক ১৯৯১ সালে লেবার পার্টির সদস্য হন।
তিনি কেমব্রিজে পড়েছেন রাজনীতি, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে। কিংস্টন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, গণমাধ্যম ও সংস্কৃতি অধ্যয়নের মতো বিষয়। পার্লামেন্ট সদস্য হওয়ার আগে তিনি ডেপুটি মেয়র হিসাবে স্থানীয় কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালে ইউরোপীয় পার্লামেন্টের প্রার্থী হয়েছিলেন রূপা। এছাড়া ২০০৫ সালে চেশাম ও এমারশাম আসন থেকে তিনি লেবার পার্টি থেকে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি।
