২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে দূষণমুক্ত মহাসমুদ্র রচনায় বাংলাদেশের প্রস্তাবনা

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ওশান কনফারেন্সে দূষণমুক্ত মহাসমুদ্র রচনায় বাংলাদেশের পক্ষ থেকে সাতটি প্রস্তাবনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 02:37 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ সম্মেলনের সাধারণ সভায় এসব প্রস্তাবনা তুলে ধরেন  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো.খুরশিদ আলম।

সম্মেলনে ছয় সদস্যের বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্বদানকারী মো.খুরশিদ আলম এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য দেওয়ার সময় বলেন, “সমুদ্রের অব্যাহত দূষণ, সমুদ্র সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধির ফলে এলডিসি’র দেশসমূহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।”

এ প্রেক্ষিতে তিনি সমুদ্র দূষণ মোকাবেলায় সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিজ্ঞানের ব্যবহার, যথাযথ আর্থিক নীতি প্রণয়ন, নেতিবাচক মৎস্য ভতুর্কি বন্ধ এবং অবৈধ মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞাসহ ৭টি সুনির্দিষ্ট বিষয় তার বক্তব্যে উল্লেখ করেন।

বিদ্যমান বিভিন্ন চুক্তি ও কাঠামো অনুযায়ী এলডিসি’র জন্য সামুদ্রিক ও অন্যান্য প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধি, সকল স্তরে কার্যকর অংশীদারিত্ব এবং টেকসই তহবিল গঠনে জি-৭ সহ উন্নত দেশগুলোকে কার্যকর প্রদক্ষেপ নিতে তিনি আহ্বান জানান।

এলডিসি’র দেশসমূহের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও বাংলাদেশ ৭টি বিষয়ভিত্তিক আলোচনা পর্বে অংশগ্রহণ ও দুইটি সাইড-ইভেন্টের আয়োজন করে। প্লাস্টিক ব্যাগের ব্যবহার, মৎস্য ও অন্যান্য সামুদ্রিক প্রজাতি, বনায়ন এবং ম্যানগ্রোভ বনের প্রতিবেশগত টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশ এ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছে।       

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ ও সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ওশান কনফারেন্সে ১৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধানসহ জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আগামী শুক্রবার ‘কল-ফর-অ্যাকশন’ গ্রহণের মাধ্যমে এ সম্মেলন শেষ হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!