আবুধাবির চিঠি: প্রবাসীদের নিয়ে আরবদের গণ-ইফতার
রোজা আসতেই সংযুক্ত আরব আমিরাত নতুন এক চেহারা নেয়। আরব-অনারব সবার মধ্যে সহমর্মিতা সম্প্রীতির বন্ধন যেন আরো অটুট হয়।
পাড়া মহল্লার মসজিদগুলোতে করা হয়েছে ইফতারির আয়োজন। ঈদের কেনাকাটার জন্য শপিং-মল ও নাইট-সুকগুলো নিয়েছে নতুন সাজ। হ্রাসকৃত মূল্যে খাদ্য ও ভোগ্যপণ্য বিকিকিনির ধুম পড়েছে সেখানে। আমিরাতের মধ্যে সবচেয়েবড় গণ-ইফতারির বার্ষিক আয়োজন এবারও বসেছে এদেশের জাতির জনক শেখ জায়েদের নামে প্রতিষ্ঠিত জায়েদ গ্র্যান্ড মস্ক সেন্টারের উদ্যোগে মসজিদটির চত্বরে।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার আরব-অনারব ভাষা-জাত-পাত ভেদে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ একসাথে বসে ইফতার করেন এই ভেন্যুতে। এবারের রমজানের প্রথম দশ দিনে প্রায় সাড়ে তিন লক্ষ রোজাদার এতে অংশ নিয়েছেন। মসজিদ চত্বরে বসানো হয়েছে ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু, যার প্রতিটিতে দেড় হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য রয়েছে আলাদা তাঁবু।
শিশু, বৃদ্ধ ও মহিলাদের মসজিদের মূল ফটক থেকে ইফতার স্থলে পরিবহনের জন্য রয়েছে বিশেষ শাটল যান। ৫৫০জন স্বেচ্ছাসেবক, শতাধিক প্যারামেডিকস ও নিরাপত্তাকর্মীদের ব্যবস্থাপনায় সুশৃঙ্খল পরিবেশে এআয়োজন পরিচালিত হয়। এ গণ-ইফতারে মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ ও পর্যটকরাও অংশ নেন।
আমিরাতে বসবাসকারী দেশি-বিদেশি মুসলিম কম্যুনিটির মধ্যে পারস্পরিক সমঝোতা সম্প্রীতি, ভালবাসা ও সৌহার্দ্য পরিবেশ সৃষ্টিতে এ ধরণের আয়োজন ভূমিকা রাখছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
