অবৈধ অভিবাসন: নিউ ইয়র্কে বাংলা সাপ্তাহিকের সম্পাদক মুক্ত
অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মোহাম্মদ সাঈদ মুক্তি পেয়েছেন।
১৩ দিন পর স্থানীয় সময় মঙ্গলবার ইমিগ্রেশন কোর্ট থেকে সাঈদ মুক্তি পান।
সাঈদের এটর্নি মঈন চৌধুরী মুক্তিলাভের তথ্য জানিয়ে বলেন, “আমি মোশন করেছিলাম। আদালত তা মঞ্জুর করেছে। এখন তার যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের পথ সুগম হলো।”
অভিবাসন আইন লংঘনের অভিযোগে গত ২৪ মে নিউ ইয়র্ক সিটির ফ্লাশিং এলাকা থেকে আইসিইর এজেন্টরা তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে নিউ জার্সির হাডসন কাউন্টি কারাগারে রাখা হয়েছিল।
মোহাম্মদ সাঈদ (৪৯) স্থানীয়ভাবে প্রকাশিত সাপ্তাহিক প্রবাসের সম্পাদক। তিনি সপরিবারে কুইন্সের ইস্ট এমহার্স্ট এলাকায় বসবাস করছিলেন।
নারায়ণগঞ্জের সন্তান সাঈদ ২০ বছর ধরে নিউ ইয়র্কে আছেন। তিন বছর আগে ‘সাপ্তাহিক প্রবাস’ প্রকাশের আগে সাঈদ ‘সাপ্তাহিক আজকাল’ পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন।
