কানাডার পার্লামেন্টারিয়ানদের সাথে বাংলাদেশ হাইকমিশনের বৈঠক
কানাডার অটোয়ার পার্লামেন্ট হিলে ওই দেশের পার্লামেন্টারিয়ানদের সাথে বাংলাদেশ হাইকমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সংসদ ভবনের সেন্টার ব্লকে অবস্থিত পার্লামেন্টারি রেস্টুরেন্টে কানাডার ১৯ জন সংসদ সদস্যের অংশগ্রহণে এ দাবি করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।
সভায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গণতন্ত্র, নারী উন্নয়ন ও মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশ-কানাডা সর্বাত্মক সহযোগিতার বিষয়ের পাশাপাশি কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নুর চৌধুরীকে ফেরত পাঠানোর দাবি উত্থাপিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কানাডা পার্লামেন্টের সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ব্যাটল রিভার-ক্রফোর্ড, অ্যালবার্টা থেকে নির্বাচিত কেভিন সোরেনসন, অটোয়ার বার হেভেন-নেপিয়েন থেকে নির্বাচিত চন্দ্রা আরিয়া, ব্রোসার্ড-সেন্ট ল্যাম্বার্ট, কুইবেক থেকে নির্বাচিত আলেকজান্ড্রা মেনডেস, ইউনিপেগ সাউথ থেকে নির্বাচিত ও নারী অধিকার বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি টেরি ডুগুইড।
আরও উপস্থিত ছিলেন সাস্কাচুয়ান ওয়েস্ট থেকে নির্বাচিত শেরি বেনসন, অন্টারিওর মিসিসাগা এরিন মিলস থেকে নির্বাচিত ইকরা খালিদ, টরন্টোর স্ক্যারবোরো সেন্টার থেকে নির্বাচিত সালমা জাহিদ, মন্ট্রিয়লের ডোরভাল-লাসাল থেকে নির্বাচিত অঞ্জু ধিলন, সাস্কাচুয়ানের শেরউড পার্ক ফোর্ট থেকে নির্বাচিত গারনেট জিনাস, অন্টারিও’র ব্র্যাম্পটন থেকে নির্বাচিত রমেশ সাংঘা, রিচমন্ড হিল থেকে নির্বাচিত মাজিদ জৌহারী।
উপস্থিত ছিলেন স্ক্যারবোরো নর্থ থেকে নির্বাচিত শন চেন, টরন্টোর ডন ভ্যালি ইন্ট থেকে নির্বাচিত ইয়াসমিন রতনসী এবং কুইবেকের শ্যাতোগে-ল্যাকোল থেকে নির্বাচিত ব্রেন্ডা শ্যানাহান।
সভার শুরুতেই বাংলাদেশ-কানাডা সামগ্রিক দ্বি-পাক্ষিক সম্পর্কের উপর প্রবন্ধ উপস্থাপন করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।
মিজানুর রহমান দেশের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনী নূর চৌধুরীকে ন্যায়বিচারের স্বার্থে বাংলাদেশে ফেরত পাঠাতে উপস্থিত পার্লামেন্টারিয়ানদের সমর্থন কামনা করেন।
তিনি বলেন, “কানাডা বা পৃথিবীর কোন রাষ্ট্রই একটি দেশের জাতির পিতার খুনীর জন্য সেফ হেভেন হতে পারে না।”
সভায় আরও বক্তব্য দেন কানাডার সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়রম্যান কেভিন সোরেনস, বার-হেভেন নেপিয়েনের চন্দ্রা আরিয়া, নারী অধিকার বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটাররি টেরি ডুগুইড, জয়েস মুররে, আলেকজান্ড্রা মেনডেস এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান নাথানিয়েল এরস্কাইন স্মিথ।
এরপর বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সুযোগ সংক্রান্ত এক সংক্ষিপ্ত প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ। প্রবন্ধে বাংলাদেশে চলমান অবকাঠামোগত উন্নয়নসহ ২২টি বিশেষ ইকনোমিক জোনে বিনিয়োগে কানাডীয় কোম্পানিগুলোকে উদ্বুদ্ধকরণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
