জাতিসংঘে ওশান কনফারেন্সে বাংলাদেশের সাইড-ইভেন্ট
জাতিসংঘ ‘ওশান কনফারেন্স’ (মহাসাগর সম্মেলন) উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি সাইড-ইভেন্টের আয়োজন করেছে।
‘টুওয়ার্ডস্ দ্যা সাসটেইন্যাবল ব্লু ফিউচার: ফিজক্যাল ইনসেনটিভস টু অ্যাসিভ এসডিজি-১৪’ শীর্ষক
এই সাইড ইভেন্টটি স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সাইড ইভেন্টটির কো-স্পন্সর করে ‘দ্যা অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভোলপমেন্ট’ (ওইসিডি), ‘ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ (আইআইইডি) এবং ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট’-এর সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো.খুরশিদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাংলাদেশ ডেলিগেশন এই কনফারেন্সে অংশ নিচ্ছেন।
সাইড ইভেন্টে স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “এসডিজি’র সময়-নির্দিষ্ট ও উচ্চভিলাষী লক্ষ্যসমূহ অর্জনের জন্য জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের সহযোগিতামূলক ও সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। অন্যথায়, এসডিজির অর্জন ব্যাহত হতে পারে। এক্ষেত্রে উপযুক্ত আর্থিক প্রণোদনার প্রয়োগ ঘটাতে হবে।”
এসডিজি-১৪ বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মোমেন বলেন, “বতর্মান সরকার ৬৫ দিনব্যাপী সব ধরনের মাছ এবং ৮ মাসব্যাপী ইলিশ মাছ ধরা বাধ্যতামূলক নিষিদ্ধ করেছে এবং এ সময় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের বিকল্প জীবিকা হিসেবে সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।”
আইআইইডি’র প্রতিনিধি ইসসাম ইয়াসসিন মোহাম্মদের সঞ্চালনায় এ ইভেন্টে প্যানেলিস্ট ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট’-এর সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো.খুরশিদ আলম, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রশিদ সুমাইলা এবং ওইসিডি’র প্রতিনিধি ক্যাটিয়া কারোওসাকিস ও রজার মার্টিনি।
এসডিজি-১৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে এবং টেকসই নীল ভবিষ্যতের জন্য আর্থিক প্রণোদনা কিভাবে অবদান রাখতে পারে- এ বিষয়ে প্যানেল সদস্যরা মতামত দেন। তারা মৎস্য ভর্তুকির বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেন।
‘মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট’-এর সচিব তার বক্তব্যে এজেন্ডা ২০৩০ এর উন্নয়নমূলক, সামাজিক ও পরিবেশগত দিকসমূহের ভারসাম্য রক্ষার্থে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশের ম্যানগ্রোভ বনের গুরুত্ব এবং এই বন রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তিনি আলোকপাত করেন।
এছাড়া মৎস্যচাষ, জাহাজ নির্মাণ, সামুদ্রিক বাণিজ্য, লবণ উৎপাদন, সমুদ্রভিত্তিক নবায়ণযোগ্য শক্তি উৎপাদন এবং ব্লু বায়োটেকনোলজির মতো বিষয়গুলোতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সমাপনী বক্তব্য দেন। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই ওশান কনফারেন্স আগামী ৯ জুন ২০১৭ পর্যন্ত চলবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
