সুলতানা কামালকে হুমকি ও পাহাড়িদের নির্যাতনের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকি ও পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘অসাম্প্রদায়িক নাগরিক সমাজ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সংগঠক রনী বলেন, “হেফাজতী অপতৎপরতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার মন্তব্যে আমরা মর্মাহত। এহেন মন্তব্যে প্রকারান্তরে হেফাজতকেই সমর্থন ঘটেছে।”
সমাবেশের প্রস্তাব পাঠ করেন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখা’র সভাপতি মিথুন আহমেদ।
প্রস্তাবে পাহাড়ি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য ১৯৯৭ সালের শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী ও শিতাংশু গুহ।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য-সচিব রেজাউল বারি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোপাল সান্যাল, যুক্তরাষ্ট্র উদীচীর জীবন বিশ্বাস ও সাবিনা উর্বি হাই, শিবলী সাদিক ও পঙ্কজ দেবনাথ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
