বাংলাদেশির খোঁজ পেতে এফবিআই’র পুরস্কার ঘোষণা
নাগরিকদের তথ্য চুরি করে তা ব্যবহার করে সরকারি তহবিল হাতিয়ে নেওয়ায় অভিযুক্ত নিউ ইয়র্ক প্রবাসী এক বাংলাদেশির সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই।
শেখ মাহতাব মিয়া ওরফে নিপু নামের এই বাংলাদেশির ছবিসহ একটি পোস্টার প্রকাশ করেছে এফবিআই। তার খোঁজ জানিয়ে তথ্য দিলে এক হাজার ডলারের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মাহতাব ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির কুইন্সে বসবাস করেন। নিজেকে শেখ মাহতাব আলী, শেখ মিয়া মাহতাব, শেখ এম মিয়া, নিপুসহ বিভিন্ন নামে পরিচয় দেন তিনি।
এফবিআই বলছে, ওই সময় অন্যের ব্যক্তিগত তথ্য চুরি করে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে প্রতারণা করেছেন মাহতাব। চুরি করা তথ্য দিয়ে ট্যাক্স রিটার্ন দাখিল করে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ভর্তুকি বাবদ এক লাখ ১৪ হাজার ডলার তথা ৯০ লাখের বেশি টাকা উত্তোলন করেন।
এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, মাহতাবের কুইন্সে একটি মুদি দোকান ছিল। এর বাইরে মাঝেমধ্যে ট্যাক্সি চালাতেন তিনি। তার দোকানে কেনা-কাটার পর যারা ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করতেন, তাদের তথ্য চুরি করতেন তিনি।
সরকারি তহবিল চুরির ষড়যন্ত্র, তহবিল চুরি, অন্যের ব্যক্তিগত গোপন তথ্য ব্যাপকভাবে চুরির অভিযোগে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্ট ২০১৬ সালের ২১ অক্টোবর মাহতাবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর থেকেই পলাতক মাহতাব। তিনি পালিয়ে বাংলাদেশ বা অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন বলে ধারণা এফবিআই কর্মকর্তাদের।
তার সন্ধান পেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসেও জানানো যাবে এবং সেই তথ্যের ভিত্তিতে নিপুকে গ্রেপ্তার করা সম্ভব হলে তথ্যদাতাকে পুরস্কারের অর্থ দেওয়া হবে।
এর আগে আরও কয়েকজন বাংলাদেশি একইভাবে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তারা বাংলাদেশে পালিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের ধরার জন্য এফবিআই বা অন্য কোনো কর্তৃপক্ষের এ ধরনের তৎপরতা দেখা যায়নি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
