২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারের ইফতারি এখন সিডনির লাকেম্বায়

সিডনি শহরের একটি মুসলিম ঘনবসতি এলাকা ল্যাকেম্বা। লাকেম্বাতে সবচেয়ে বেশি প্রবাসী বাঙালিরা বসবাস করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 03:59 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

এখানে বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রোসারি শপ থেকে শুরু করে ট্রাভেলিং এজেন্টদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অধিকাংশ প্রবাসীরা মুসলিম হওয়ার কারণে প্রতিবছর রমজান মাস আসলে এখানে বসে জমজমাট ইফতার বাজার।

রেলওয়ে প্যারেডের প্রায় সবগুলি বাঙালি দোকানের সামনেই ইফতারির টেবিল সাজানো দেখা যায়। কেউ হালিম বিক্রি করছে, কেউ বুট, বেগুনি, গুঘনি, আলুচপ, জালিকাবাব, বিভিন্ন রকম বেসনে ভাজা খাবার, চিকেন ফ্রাই, জিলাপী, বিভিন্ন রকম মিষ্টিসহ রকমারি ইফতারের সমারোহ।

দেশিয় আমেজে দোকানিরা হাঁক ছাড়ে-“আসেন, আসেন, গরম গরম জিলাপি!” কিছুক্ষণের জন্য মনে হয়, যেন ঢাকার চকবাজারের ইফতারির দোকানে ইফতার কেনার জন্য সবাই জমায়েত হয়েছে।

রাস্তায় রাস্তায় বার্বিকিউর বড় বড় চুল্লি বসিয়ে বিভিন্ন ধরনের বার্গার বিক্রি হয় পুরো রোজার মাসে। পাশে চলছে মিডেল ইস্টার্নদের অতি পছন্দের গাজরের জুসের বেচাকেনা।

ইফতারের পর শুরু হয়ে এই মেলা চলে সেহরির সময় পর্যন্ত। বার্গারের মধ্যে ‘ক্যামেল বার্গার’ এখানে সবচেয়ে জনপ্রিয়। উটের গোস্তের কিমার এ সুস্বাধু বার্গার খেতে বিভিন্ন ধরনের মানুষ দূর-দুরান্ত থেকে এই রমজান মাসে ল্যাকেম্বায় আসেন। আরব দেশগুলোর মতো ল্যাকেম্বায় রমজান মাসে বিভিন্ন ধরনের দোকপাটও প্রায় সারা রাত খোলা থাকে। 

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের মতো লাকেম্বাতেও বাঙালিদের বসবাস দেখে মনে হয় যেন এটি বাংলাদেশেরই একটি অংশ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!