আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার আয়োজন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সৌজন্যে ইফতারের আয়োজন করেছে ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটির কুইন্সে ‘আলী বাবা’ রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক কূটনীতিতে অসাধারণ অবদান’-এর জন্য পুরস্কার দেওয়া হয় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এ মোমেনকে।
একই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত ‘কোরআনে হাফেজ’ ১০ বছর বয়েসী মরিয়ম মাসুদকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
প্রেসক্লাবের ইফতার আয়োজনের পাশাপাশি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মিডিয়া এবং আলেম-ওলেমাদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, “বাংলাদেশে ধর্মীয় সহাবস্থানের ঘটনা আজ সর্বজনীনতা অর্জন করেছে। একইভাবে ধর্মের নামে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির সাথে প্রবাসীরাও আজ ঐক্যবদ্ধ।”
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য ও বাংলাভিশন টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিমউদ্দিন অভি, ইউনাইটেড ইমাম-ওলেমা কাউন্সিলের মহাসচিব সাব্বির আহমেদ, আন্-নূর কালচারাল সেন্টারের অধ্যক্ষ মো. ইসমাইল, দারুস সুন্নাহ সিদ্দিকীয়া কমপ্লেক্স-এর চেয়ারম্যান ও ছারছিনার শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
এর আগে কোরআন থেকে তেলাওয়াত করেন মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর শায়খ আহমদ।
বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার রাশেদ আহমেদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আকতার হোসেন বাদল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও সেবামূলক সংস্থা ‘কাদের মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি গিয়াস আহমেদ, রাজনীতিক ও ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল, সমাজকর্মী ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা মোমেন।
আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা সাখাওয়াত হোসেন, জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদার, ব্যবসায়ী ফাহাদ হোসেন, পেশাজীবী রফিক আহমেদ, আওয়ামী লীগ নেতা মোবস্বির হোসেন, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সংস্থার প্রধান জাফরউল্লাহ ও মাসুদ হুসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
