ঝলমলে শহরে স্বপ্ন ভাঙার গল্প
কাতারের রাজধানী দোহা। দিনের বেলায় খুব একটা ভালো না লাগলেও, রাতের বেলায় দেখা আলোর ঝলমলে শহর ভালো না লেগে উপায় নেই।
এই শহরেই ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে- ফুটবল বিশ্বকাপ। যার জন্য এই দেশের অবকাঠামো উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে। এই অবকাঠামো উন্নয়নের নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকের সাথে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা অনেক বেশি।
এই শ্রমিকদের হাত ধরেই একদিকে শহর আলো ঝলমল করছে, বিপরীতে এদের মনের বড় একটা অংশ অপ্রাপ্তি আর হতাশার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে প্রতিনিয়ত। শব্দহীনভাবে স্বপ্ন ভেঙ্গে চলেছে প্রতিনিয়ত। সেই গল্পগুলি একটিবার শুনুন...
জামিল
নোয়াখালীর ২৫ বছরের যুবক জামিল। কাতার আসার আগে এলাকায় ছোটখাটো একটা মুদি দোকান করতো। খুব যে আহামরি ব্যবসা হয় সেখানে, তা না। তবে বৃদ্ধ মা-বাবা এবং ছোটবোনকে নিয়ে খুব ভালোভাবে চলে যেত।
তার আপন চাচাতো ভাই কাতার থাকত। প্রায়ই তার সাথে কথা হতো জামিলের। বলতো, কাতারে খুব ভালোই আয় হচ্ছে। কাজ খুব একটা কষ্টের না, তবে বেতন ভালো।
এভাবে কথা বলতে বলতে একদিন জামিলকে তার সেই চাচাতো ভাই বলে, দেশে থেকে কী আর করবি? বিদেশে চলে আয়। দেখবি, মাসে লাখ টাকা কোন ব্যাপার না। প্রতিদিন বিদেশের কথা শুনতে শুনতে জামিলের মনে হলো, না বিদেশ গিয়ে দেখি। হয়তো নিজের অবস্থার উন্নতি হতে পারে।
তাছাড়া সামনে ছোট বোনের বিয়ে দিতে হবে, তারপর নিজেরও বিয়ে করতে হবে।এসব চিন্তা-ভাবনা করে জামিল তার চাচাতো ভাইকে নিজের ইচ্ছার কথা বলে।
চাচাতো ভাই বলে, ভালো কোম্পানির ভিসার দাম একটু বেশি পড়বে। ভিসার দাম পড়বে সাত লাখ টাকা এবং এটা ফ্রি ভিসা।ফ্রি ভিসা মানে কি জানতে চাইলে চাচাতো ভাই বলে, এই ভিসায় যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবি। চিন্তা করিস না, তোকে ভালো একটা অফিসে ক্লিনার হিসেবে লাগিয়ে দেব। ভালো বেতন পাবি।
ভিসার দাম শুনেও জামিল দমে যায় না, তার দোকান বিক্রি করে এবং চড়া সুদে টাকা নেওয়ার পরেও সব মিলিয়ে ৪ লাখ টাকা হলো। বাকি তিন লাখের জন্য জামিল তার চাচার কাছে তাদের বাড়ির অংশ বন্ধক হিসেবে রাখে। এতোকিছু করার পরেও জামিল চিন্তিত নয়, তখন তার চিন্তা-ভাবনা হচ্ছে- ওখানে গিয়ে পাঁচ-ছয় মাস কাজ করতে পারলেই টাকা উঠে যাবে। তারপর সে আসন্ন সুখের স্বপ্নে বিভোর হয়ে যায়।
স্বপ্ন দেখতে দেখতে একদিন কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে হাজির হয়। সেখান থেকে চাচাতো ভাইয়ের সাথে দোয়া ন্যাশনাল এলাকায় এসে হাজির হয় (এই এলাকা হচ্ছে ফ্রি ভিসায় যারা আসে, তাদের থাকার সবচেয়ে সুপরিচিত এলাকা)।
প্রথম প্রথম বিদেশ এসেছে, এই খুশিতে জামিলের ঘুম আসতো না। তারপর ধীরে ধীরে তার রুমের আশপাশে বেকার মানুষে পরিপূর্ণ দেখে জামিলের সেই খুশি হাওয়াতে মিলিয়ে গেল। চাচাতো ভাইয়ের রুমে একসাথে থাকে, খাচ্ছে, ঘুমাচ্ছে। আর চাচাতো ভাই বলে, সমস্যা নেই। চাকরি হয়ে যাবে আইডি হলেই (আইডি হতে অনেক সময় ৪-৫ মাসও লেগে যায়)।
মাস পূর্ণ হবার দুই-একদিন আগে চাচাতো ভাই জামিলের হাতে আইডিটা দিয়ে জামিলকে বলে দিল, তার জন্য অন্য জায়গাতে রুম ঠিক হইছে। সে যেন আজই সেই নতুন রুমে চলে যায়। জামিল সেই নতুন রুমে যাওয়ার আগে জানতে পারলো, আজকে থেকে তার চাচাতো ভাইয়ের দায়িত্ব শেষ। জামিলকে বলা হলো, নিজের কাজ নিজে খুঁজে নিতে।
এই অসংখ্য বেকারের শহরে অপরিচিত মানুষদের মাঝে জামিল কেমন করে নিজের জন্য কাজ খুঁজে পাবে, শুধু সেটাই ভাবছে। আর ততক্ষণে এতোদিন ধরে দেখা তার সুখের স্বপ্নগুলো হারিয়ে গেছে অনেক দূরে!
আরমান
২০-২১ বছরের কুমিল্লার ছেলে আরমান। কাতার এসেছে মাস দুয়েক হল। দেখতে মনে হয় বাচ্চা একটা ছেলে। যেন বেড়াতে এসেছে এখানে। দেখতে এমন মনে হলেও এই ছেলে সকাল বেলা কাজের পোশাক পরে কাজের সন্ধানে ‘চাপড়া’ (কাজের সন্ধানে অপেক্ষা করার জায়গা, যাদের শ্রমিকের দরকার হয় তারা এখান থেকে এসে দরদাম করে শ্রমিক নিয়ে যায়) এলাকায় অপেক্ষা করে।
এইচ.এস.সি. পাশ করা এই ছেলেটা এখানে দাঁড়াতে লজ্জা পায়, কিন্তু মা-বাবার কথা মনে হলে সব লজ্জা ভুলে যায়। তার মা-বাবা প্রবাসে আসার প্রায় সব টাকাই বিভিন্ন মানুষের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এলাকার ভিসা দালালের হাতে তুলে দিয়েছে।
আরমান যখন বাড়িতে কল করে তার মায়ের কাছ থেকে শোনে বাড়িতে পাওনাদাররা আসে টাকার জন্য। মাঝে মাঝে মোবাইলে আরমান শুনতে পায়, তার মায়ের চাপা কান্নার আওয়াজ। হয়তো কেউ কড়া ভাষায় কিছু বলেছে। আরমান তার মাকে বলে, “মা, চিন্তা করবেন না। খুব শিগগিরই টাকা পাঠাবো।”
এসবের কারণে আরমান সব লজ্জা ভুলে চাপড়া এলাকায় কাজের সন্ধানে বসে থাকে প্রতিদিন। তবে একদিন কাজ পেলে পরের কয়েকদিন আর কাজ পাওয়া যায় না, কারণ এখন চাপড়াতে অনেক মানুষ এসে বসে থাকে কাজের অপেক্ষায়। তবুও আরমান আসতে থাকে কাজের সন্ধানে। কারণ আরমান জানে, এখানে একদিন কাজ করতে পারলেও নগদ টাকা পাওয়া যাবে। কিন্তু অন্য জায়গাতে কাজ করলেও টাকা পাবার নিশ্চয়তা খুব একটা নাই।
এমন একদিন সকালে আরমান বসে আছে কাজ পাওয়া যাবে, নাকি পাওয়া যাবে না- এসব ভাবছে। ঠিক তখন জানতে পারলো, একজন আরব দেশের লোক এসেছে, তার অনেকগুলো লোক লাগবে। কাজের টাকাও ভালো দেবে। জন প্রতি ১৫০ রিয়াল। আরমান এটা শুনে অন্যদের সাথে সেই লোকের গাড়িতে উঠে বসে।
কিছুক্ষণ গাড়ি চলার পর আরমান জানতে পারে, আসলে তারা কোন কাজে যাচ্ছে না। তাদেরকে ফাঁদ পেতে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে নাকি দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাদের অপরাধ- তারা বাইরে কাজ করতে এসেছে। অথচ কাতার আসার আগে আরমান জানত, ফ্রি ভিসায় যেখানে ইচ্ছে কাজ করতে পারবে। কোন সমস্যা হবে না।
আরমান এটা জানতো না যে কোম্পানির ভিসায় এসেছে সে। কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করতে হলে কোম্পানির সাথে চুক্তি করে নিতে হয়। আরমান গাড়িতে বসে আছে, কিন্তু সে এখন আর স্বপ্ন দেখছে না। তবে কল্পনায় দেখতে পাচ্ছে, তার ধরা খাওয়ার কথা শুনে তার মা-বাবার অবস্থা কেমন হচ্ছে!
স্বপ্ন গড়তে এসে এভাবে প্রতিনিয়ত স্বপ্ন ভাঙ্গছে অসংখ্য মানুষের। তাদের স্বপ্ন ভাঙ্গার শব্দ না শুনছে সরকার, না শুনছে এসব ভিসার দালালেরা। যারা মানুষকে ভুল স্বপ্ন দেখাচ্ছে প্রতিদিন।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল: masudr001319z2@gmail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
