মালয়েশিয়ার হাসপাতালে স্বজনহীন বাংলাদেশি শ্রমিক মহিরুদ্দিন
মালয়েশিয়ায় কুয়ালালামপুরের একটি হাসপাতালের শয্যায় পড়ে আছেন দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি শ্রমিক মহিরুদ্দিন।
আহত মহিরুদ্দিন নরসিংদী জেলার মনোহরদী থানার দুর্বাকান্দি গ্রামের নুরুল ইসলাম ও ফাতেমা খাতুনের ছেলে।
গত ১৫ মে থেকে সেলায়াং হাসপাতালের ৫-ডি ওয়ার্ডের ১২ নাম্বার বেডে চিকিৎসাধীন আছেন মহিরুউদ্দিন। পাশে নেই কোনো আত্মীয়-স্বজন।
জানা যায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান মহিরুদ্দিন। বাড়ির ঠিকানা বলতে পারলেও স্বজনদের কোনো ফোন নাম্বার জানাতে পারেননি মহিরুদ্দিন। কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করেছেন, তাও মনে করতে পারছেন না তিনি।
হাই কমিশনের শ্রম শাখার কল্যাণ সহকারী মোকছেদ আলি বলেন, “মহিরুদ্দিনের মেরুদণ্ডের আঘাত গুরুতর। সে কথা বলতে পারছেন, তবে তার স্বজনদের কারো ফোন নম্বর দিতে পারেননি। হতে পারে তার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে।”
আত্মীয়-স্বজনরা কেউ যোগাযোগ করলে তাকে দেশে পাঠাতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
মহিরুদ্দিন ১৯৯১ সালে থাইল্যান্ডের জঙ্গল দিয়ে মালয়েশিয়ায় আসেন। কয়েক বছর পর দেশে ফিরে গেলেও ২০০৬ সালে কলিং ভিসায় আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান। বর্তমানে তিনি অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
