২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর্য অপসারণে উদীচী কানাডার প্রতিবাদের ডাক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে ফেলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উদীচী কানাডা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2017, 03:52 PM

Updated : 11 Apr 2022, 11:39 PM

স্থানীয় সময় ২৮ মে বিকেল ৪টায় টরন্টো বাঙালিপাড়ার ঘরোয়া চত্ত্বরে সংগঠনের নেতা-কর্মী ও প্রবাসীদের উপস্থিত থাকার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

উদীচী কানাডার সভাপতি আজফার ফেরদৌস ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্ষমতার মোহে পশ্চাৎপদ মৌলবাদী শক্তির সাথে সরকারের আপোষের অংশ হিসেবে সুপ্রিমকোর্ট চত্ত্বরে স্থাপিত ন্যায়বিচারের প্রতীক শিল্পী মৃণাল হকের অনবদ্য ভাস্কর্য জাস্টিশিয়াকে রাতের অন্ধকারে সচেতন মহলের আপত্তি অগ্রাহ্য করে সরিয়ে ফেলা হয়েছে। উদীচী মনে করে, সরকারের এ জাতীয় পদক্ষেপ যেমন পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রার উপর আক্রমণ, পহেলা বৈশাখের অনুষ্ঠান সংকুচিত করা, ভাস্কর্য অপসারণ, কওমি মাদ্রাসার মাস্টার্স সমমান প্রদান অনুমোদন ইত্যাদি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও জাতির মননশীলতাকে আরো পেছনে নিয়ে যাবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার দাবিতে সমাবেশে ছাত্র, শিক্ষক, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সচেতন ও প্রগতিশীল মানুষ ও সংগঠনগুলোকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!