দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
আরব আমিরাতের দুবাইয়ে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন পাঁচ বাংলাদেশিসহ আরও ৩৪ জন।
নিহত বাংলাদেশিরা হলেন- পটুয়াখালী সদরের বাথারপুর গ্রামের মো. সোবহান মৃধার ছেলে সারওয়ার মৃধা (৩১) এবং বগুড়া সদরের মোহাম্মদ আনিছারের ছেলে আবু তাহের (৩৩)।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুবাইয়ের মোহাম্মদ বিন যায়েদ ও শেখ যায়েদ রোডের মধ্যবর্তী আল ইয়ালাসিস রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কন্সুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান।
আহত পাঁচ বাংলাদেশিদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজন দুবাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কন্সুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান।
ছবি ১- নিহত আবু তাহের
দুবাইয়ে বাংলাদেশ কন্সুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান আরও জানান, মৃতদেহ দুটি দুবাই পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। মৃতদেহগুলো দ্রুত দেশে পরিবার-পরিজনদের কাছে পাঠানো এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসার স্থানীয় হাসপাতালগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
হতাহত বাংলাদেশিদের সবাই ‘ট্রান্সগার্ড সিকিউরিটি’র কর্মী এবং দুবাইয়ের অভিজাত তারকা হোটেল ‘আটলান্টিস দ্য পাম দুবাই’-এর চুক্তিভিত্তিক কিচেন স্টাফ।
ছবি ২- নিহত সারওয়ার মৃধা
জানা গেছে, নৈশকালীন শিফট শেষে তাদের বহনকারী বাসটি আটলান্টিস দ্য পাম দুবাই থেকে ৪১ জন কর্মী বোঝাই করে তাদের দুবাই আল কুজ এলাকায় ক্যাম্পে নিয়ে আসছিলো। পথে বাসের একটি চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙ্গে রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে। এ সময় দ্রুতগামী একটি লরি বাসটিকে আঘাত করায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশ অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার যোগে হতাহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে। দুর্ঘটনায় অন্যান্য নিহতদের মধ্যে ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
