২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

যুক্তরাষ্ট্রে চলতি বছরের ‘এক্সিট ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭’- এর দ্বিতীয় সপ্তাহের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সালাহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2017, 10:56 AM

Updated : 19 Aug 2022, 04:42 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে ‘বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজনে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়।

খেলায় ওজনপার্ক, ব্রাদার্স অ্যালায়েন্স জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা পয়েন্ট ভাগাভাগি করেছ।

দিনের প্রথম খেলায় ‘ওজনপার্ক এফসি’ ও ‘আইসাব’ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ‘ওজনপার্ক’ ১-০ গোলে ‘আইসাব’কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় বিজয়ী দলের আরজু জয়সূচক একমাত্র গোলটি করেন।

‘বাংলাদেশ ব্রাদার্স অ্যালায়েন্স’ ও ‘ব্রঙ্কস ওয়ারিয়র’-এর মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স সহজেই ৪-২ গোলে ব্রঙ্কসকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলার প্রথমার্ধে তিনটি আর দ্বিতীয়ার্ধে একটি গোল হয়।

প্রথমার্ধের ১১ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে দেলোয়ার প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর খেলার ১৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ (এমডি) একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

পরবর্তীতে খেলার ২১ মিনিটের সময় দেলোয়ার আরও একটি গোল দলের জয়ের পথ শক্ত করেন। এরপর ২৮ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে আরিফ আরও একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

খেলার ৩৯ মিনিটের সময় ব্রঙ্কসের পক্ষে নাঈম একটি এবং ৪৯ মিনিটে ব্রঙ্কসের পক্ষে শাহরিয়ার আরও একটি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনে। ফলে খেলাটি ৪-২ গোলে শেষ হয়।

এছাড়া ‘ব্রঙ্কস ইউনাইটেড’ ও ‘সোনার বাংলা’র মধ্য অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

গোল দুটি হয় খেলার দ্বিতীয়ার্ধে। এই অর্ধের ৪১ মিনিটের সময় ‘ব্রঙ্কস ইউনাইটেড’-এর পক্ষে রাসেল প্রথম গোল করে। ‘সোনার বাংলা’র পক্ষে ওয়ালী গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। 

যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন ও অ্যাডভোকেট আব্দুল হাই অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন।

এছাড়াও স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ এনায়েত আলী, আব্দুল কাদির লিপু, রফিকুল ইসলাম ডালিম ও ইয়াকুত রহমান মাঠে উপস্থিত ছিলেন।

২০১৪ সাল থেকে নিউ ইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউ জার্সি ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।

পবিত্র রমজান মাসের সময় লীগের খেলা বন্ধ থাকবে। লীগের পরবর্তী খেলা আগামী ২ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত হবে।

এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ও নিউ জার্সি ইউনাইটেড, দ্বিতীয় খেলায় ওজনপার্ক এফসি ও সোনার বাংলা এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!