রিয়াদে বঙ্গবন্ধু স্মরণে ‘ছবি কথা বলে’
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে ‘ছবি কথা বলে’ শীর্ষক স্থায়ী আলোকচিত্র প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রিয়াদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দূতাবাসের মূল ভবনে তৈরি এই স্থায়ী প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশ রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
প্রদর্শনীর উদ্যোক্তা রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যানো বিজ্ঞানী রেজাউল করিম, বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো.নজরুল ইসলাম, ডিফেন্স অ্যাটাশে শাহ আলম চৌধূরী ও কার্যালয় প্রধান মো.মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ, লিটু মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রদূত গোলাম মসিহ্ বলেন, “বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবনের সত্যনিষ্ঠ প্রমাণ হিসেবে ‘ছবি কথা বলে’ গ্যালারিতে প্রদর্শিত আলোকচিত্রগুলো আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গবেষণায় আরও বেশি তথ্যের সন্নিবেশ ঘটাবে।”
রিয়াদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ বছর ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি দূতাবাসের অনুমোদনক্রমে একটি অস্থায়ী গ্যালারি নির্মাণ করে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর শুরু করে। শনিবার এই গ্যালারিটিই স্থায়ী ও পূর্ণাঙ্গ রূপে চালু করা হলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
