নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব’ শেষ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিন দিনব্যাপী ‘২৬তম নিউ ইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব’ শেষ হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে শেষ হওয়া এ উৎসবের আয়োজক ছিলো নিউ ইয়র্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন’।
‘বই হোক প্রজন্ম-সেতু’ স্লোগানে উজ্জীবিত এবারের এই ২৬তম বাংলা উৎসবে উপস্থিত ছিলেন কলকাতার বিশ্ব ভারতীর সাবেক অধ্যাপক পবিত্র সরকার এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
সমাপনী দিবসে দুই বাংলার সাহিত্য নিয়ে ‘একই আকাশ-একই বাতাস’ এবং ‘মুখোমুখী আলাপচারিতা’ শীর্ষক দু’টি অনুষ্ঠান হয়।
ঢাকা এবং কলকাতার মধ্যে বানান রীতিতে ব্যবধান প্রসঙ্গে কলকাতার ‘আনন্দবাজার’ এবং ঢাকার ‘প্রথম আলো’ পত্রিকার নামোল্লেখ করে পবিত্র সরকার বলেন, “ইগো প্রবলেমের শিকার হচ্ছে বাংলা শব্দ। এটি প্রত্যাশিত নয়। এর অবসানে কবি-সাংবাদিক-লেখক সম্প্রদায়ের মধ্যে ঐক্যমত প্রয়োজন।”
এবারের উৎসবে প্রবাস প্রজন্মের অংশগ্রহণকে ইতিবাচক বলে মনে করে অভিমত জানিয়েছেন তন্বী নন্দিনী ইসলাম, আবীর হক, নাদিয়া চৌধুরী ও বিদিতা রহমান।
‘পেশাজীবী যখন লেখক’ শীর্ষক একটি আলোচনায় অংশ নেন সিনহা আবুল মনসুর ও সিহাব আহমেদ। ‘মুক্তধারা বইমেলা-২০১৭’ ভাষণের বিষয় ছিল ‘অভিবাসী লেখকের ভাষা ও দেশকাল’। এ আলোকে বক্তব্য দেন অধ্যাপক পবিত্র সরকার।
প্রবাসের কবিদের কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন ফকির ইলিয়াস, গোপন সাহা, খায়রুল আলম, তাহরিনা পারভিন প্রীতি, খালেদ, শরফুদ্দিন, আওসাফ, অহনা, নাহরিন, কবিতা হোসেন, শুক্লা রায়, মামুন জামিল, রাওধান খানম, মঞ্জুর কাদের, লিওনা মুহিত, কাজী জহীরুল ইসলাম, বাহাউদ্দিন পিয়াল, আহসান হাবীব, রুমানা লাইস, রীপা নূর, শাহ আলম দুলাল ও ক্লারা রোজারিয়ো।
উৎসবে ঢাকা এবং কলকাতা ছাড়াও ছিলেন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের লেখকরা।
বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা, লীনা তাপসী, সৈয়দ আব্দুল হাদী এবং কলকাতার দেবাঙ্গনা সরকার সঙ্গীত পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
