২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ যুক্তরাষ্ট্র বিএনপির

বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশীর নিন্দা ও প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2017, 10:54 AM

Updated : 11 Apr 2022, 11:37 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল। সঞ্চালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী মো. আসাদউল্লাহ, শহীদুল্লাহ পাটোয়ারি, ওয়াহেদ আলী মন্ডল, আশরাফ হুসেন, মজিবর রহমান ও খোরশেদ আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান পিন্টু, আশরাফ হোসেন, তারেক পরিষদের সহ-সভাপতি বেলায়েত হুসেন ও সাইফুল ইসলাম অপু, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, সুমন ভৌমিক, মাসুদ রানা, মামুনুর রহমান, মীর্জা নান্নু ও মোহাম্মদ সেলিম।

আকতার হোসেন বাদল তার লিখিত বক্তব্যে বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশীর ঘটনায় আমরা ক্ষুব্ধ। গণতন্ত্রে বিশ্বাসী কোন প্রবাসীই এমন আচরণকে সহজভাবে নিতে পারছেন না। তল্লাশীর এ ঘটনাকে আমরা রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবেই মনে করছি।”

বাদল আরও বলেন, “বিএনপি যখন ভিশন-২০৩০ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভাগ্য উন্নয়নের সুদূরপ্রসারি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক তারপরই সরকারের গা জ্বালা শুরু হয়েছে। এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক-এটা বলার অপেক্ষা রাখে না।”

লিখিত বক্তব্যে  আরও বলা হয়, “জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের হরিলুটের চারণভূমিতে পরিণত করেছে। লাগামহীন অপকর্ম আর দুর্নীতির বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে, সে চক্রান্তের অংশ হিসেবেই ম্যাডামের অফিসে তল্লাশী চালানো হলো। এটি অমার্জনীয় অপরাধ।”

সংবাদ সম্মেলনে সরকারকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা বাদল, অন্যথায় আগের মত ‘বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এই প্রবাস থেকেও দুর্বার আন্দোলনে যেতে বাধ্য হবে’ বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!