২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে তিনদিনব্যাপি ‘আন্তর্জাতিক বাংলা উৎসব’ শুরু

নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপি ‘২৬তম নিউ ইয়র্ক বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2017, 07:37 PM

Updated : 11 Oct 2022, 02:01 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বিভিন্ন রাস্তায় এ উপলক্ষে ‘বই হোক প্রজন্ম- সেতু’ স্লোগান নিয়ে এক মঙ্গল শোভাযাত্রার পর পাবলিক স্কুল ৬৯ এর সামনে ফিতা কেটে  উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

এসময় তার পাশে ছিলেন বিশিষ্ট লেখক ও বিশ্বভারতীর সাবেক অধ্যাপক পবিত্র সরকার।

পরে তারা দুইজন ছাড়াও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সঙ্গীত শিল্পী লীনা তাপসী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কবি ইকবাল হাসান, ছড়াকার লুৎফর রহমার রিটন, লেখিকা নাজমুন নেসা পিয়ারী, কবি আমীরুল ইসলাম, প্রকাশক আহমদ মাযহার, আন্তর্জাতিক বাংলা উৎসবের আহ্বায়ক ফেরদৌস সাজেদীন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, হুমায়ূন কবীর, জসিম মল্লিক, কণাবসু মিশ্র, আলমগীর শিকদার লোটন, মেজবাহ উদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ, নিনি ওয়াহেদ, দুলাল তালুকদার, সব্যসাচী ঘোষ দস্তিদার, খায়রুল আনাম, তাজুল ইমাম, তাপস কর্মকার, লতিফুল ইসলাম শিবলী এবং হাসান ফেরদৌস।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা এবং আমেরিকার ২৬ কবি, সাহিত্যিক, লেখক, কলামনিস্ট অংশ নিচ্ছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তার বক্তব্যে সুদূর এই প্রবাসেও  বাংলা ভাষা আর সংস্কৃতির প্রতি বাঙালিদের গভীর আগ্রহ আর মমত্ববোধের প্রশংসা করে বলেন, “বাংলা উৎসব ও বইমেলা বাঙালির বিশ্বায়ন। এর পরিধি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রায় সর্বত্র বিস্তৃত হয়েছে।”

পবিত্র সরকার বলেন, “এই মেলার জন্যে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে, তখন থেকেই এক ধরনের আমেজে ছিলাম। নিউ ইয়র্কে এসে বাংলা ভাষা আর সংস্কৃতির জন্যে বাঙালিদের আগ্রহ দেখে আমার সে কৌতুহল প্রশান্তি পেল। এটি বিশ্বজুড়ে বাঙালির জয়জয়কার।”

নজরুল সঙ্গীত শিল্পী ও অধ্যাপক লীনা তাপসী বলেন, “আমাদের বাঙালি সংস্কৃতির মৌলিক গুণ বাঁচিয়ে রাখতে হবে। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি সেই রক্তের দাগ কখনো মুছে যাবে না।

“সেই দাগকে আমরা জিইয়ে রাখতে চাই। আমাদের প্রজন্মরা যেন জানতে পারে বাংলা ভাষার এই বর্ণিল শব্দগুলোর জন্য এই বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলা ভাষার যে ক্ষমতা, এই ভাষার যে স্বরবর্ণ ও ব্যঞ্জণবর্ণ তা অনেক ক্ষমতাবান। আমরা বাংলা ভাষা জানি বলেই পৃথিবীর যে কোনো ভাষা অতি সহজেই আমরা উচ্চারণ করতে পারি।’

লেখক আমীরুল ইসলাম, প্রকাশক মেজবাহ উদ্দিন আহমেদ, অভিনেতা জামাল উদ্দিন হোসেন, কন্ঠশিল্পী ফেরদৌস আরা, সাংবাদিক রোকেয়া হায়দার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানও মেলা ও উৎসবের তাৎপর্য আলোকে বক্তব্য দেন।

সকলেই গত ২৬ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশনের এই প্রয়াসকে অভিনন্দন জানান।

এরপর ‘আবহমান বাংলা’ শীর্ষক নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি। এটি পরিচালনা করেন চন্দ্রা ব্যানার্জি। নতুন প্রজন্মের শিল্পীরা পরিবেশন করে নৃত্য আর গান। এতে অংশ নেয় অন্তরা সাহা, মার্জিয়া স্মৃতি, রিতিকা দেব, চন্দ্রিকা দে, শ্রুতিকণা দাশ, বিরশা ও শতাব্দী রায়। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শামা রহমান।

উৎসবে ঢাকা, কলকাতা, কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কটি প্রকাশনা সংস্থা বইয়ের স্টল দেয়। বাঙালি পণ্য আর খাদ্যের স্টলও সকলের দৃষ্টি কাড়ে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!