জর্জিয়ায় আটলান্টা সঙ্গীত বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তী উদযাপন
প্রবাসে নতুন প্রজন্মের ভেতরে বাঙালির সাংস্কৃতিক গৌরবগাঁথাকে সম্পৃক্ত করাসহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে নিতে ও রবীন্দ্র সঙ্গীতকে আত্মস্থ করাতে আটলান্টা সংগীত বিদ্যালয় প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছিল।
রোববার বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে বিকেল সাড়ে ৬টায়‘ঋতু’শিরোনামের এ সাংস্কৃতিক পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষার্থিরাসহ শিল্পী ও আবৃত্তিকাররা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নৃত্য, ঋতু বৈচিত্র্যের আলেখ্যতে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষাগুরু রবীন্দ্র সঙ্গীত শিল্পী চন্দ্র শেখর দত্ত।
এরপর শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসের সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক সংগঠক রুমী কবির।
অনুষ্ঠানে খ্যাতিমান উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী দিপাংক দত্তকে মঞ্চে আহ্বান করলে তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানান।
‘ঋতু’র গ্রন্থনা ও ধারা বর্ণনায় ছিলেন চৈতালি দে ও অশোক কর্মকার।
এছাড়া পুরো অনুষ্ঠান জুড়ে বেহালায় অমিতাভ সেন, গিটারে সুরঞ্জিত বন্দ্যোপাধ্যায়, সেতারে এ, এইচ আকমল এবং তবলায় অরূপ ধর ও সুমন রুদ্র সঙ্গীতের আবহে ও মূর্ছনায় রবীন্দ্র জয়ন্তীর ওই আয়োজনটিকে স্মরণীয় করে রাখেন।
এর আগে শিশু কিশোরদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন করে সুস্মিতা ধর, গোপিকা দাশ, অনন্যা দাশ, মাধুরিয়া রুদ্র প্রমুখ।
অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ছিলেন সত্যব্রত কর। এছাড়া শব্দ নিয়ন্ত্রণে আজিজুল হক ও ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন লাবনী হক লাবন্য।
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন আজিজুল হক ও মাহবুবুর রহমান ভূঁইয়া ও মারুফ ভূঁইয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের পরিচালক ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, চট্রগ্রাম শাখার সাবেক সংগঠক চন্দ্র শেখর দত্ত সম্প্রতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক ও রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ মিহির কুমার নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আহ্বানে প্রয়াত এই গুণী শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনায় সকলে মিলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
