২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ‘বৈশাখী মেলা’

যুক্তরাজ্যের লন্ডনে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বৈশাখী মেলা’ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 12:45 PM

Updated : 11 Oct 2022, 02:00 PM

স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের বাংলা টাউনের ওয়েভার্স ফিল্ডে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মেয়র জন গিস, মেলা কমিটির নেতারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বাংলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ওয়েভার্স ফিল্ডে এসে মিলিত হয়।

মেলা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনে পরিশেন করা হয় নাচ ও গান। এবারের মেলার প্রবাসী শিল্পীদের পাশাপাশি গান গেয়েছেন বাংলাদেশের ব্যান্ড ‘মাইলস’ এবং ‘ক্লোজ আপ ওয়ান’ খ্যাত লোক সঙ্গীত শিল্পী রিংকু।

এবারের মেলাকেও পরিবারবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। মেলায় বিশেষ ফ্যামেলি জোনের ব্যবস্থা করা হয়। এই ফ্যামেলি জোনে শিশুদের বিনোদন ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া আয়োজন রাখা হয়।

ছিল নানা ধরনের খাবার স্টল,  কবিতা কর্নার, আর্টস হাব এবং স্পোর্টস জোন। আর্টস হাবে বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং কবিতা কর্ণারে কবিতার পাশাপাশি ছিল গল্প বলার আসর ও থিয়েটার। আর স্পোর্টস জোনে ছিল বিভিন্ন ধরনের খোলাধূলা ও শরীর চর্চার আয়োজন।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, মেলা এনগেইজমেন্ট কমিটির সদস্য ও সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন, স্পিকার কাউন্সিলার খালেস উদ্দিন, বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন ও মিডিয়া পার্টনার এনটিভি’র সাবরিনা হোসেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বলেন, “বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং ইতিহাসের কারণে বাংলা নববর্ষ তথা বৈশাখী মেলা উদযাপনের জন্য টাওয়ার হ্যামলেটস হচ্ছে একটি আদর্শ স্থান। এই মেলা প্রজন্মকে তাদের শিকড় বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে।”

মেলা এনগেইজমেন্ট কমিটির সদস্য নবাব উদ্দিন বলেন, “বিলেতে বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় মিলন মেলা এই বৈশাখী উৎসব। বছরের এই একটি বিশেষ দিনে তারা বাঙালির শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে প্রজন্মকে এবং অবাঙালিদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পান এবং বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে আনন্দে দিন কাটান।”

এবারের মেলায় প্রায় ৬০ হাজার মানুষের সমাগম ঘটেছে বলে দাবি করেছেন আয়োজকরা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজিত এই বৈশাখী মেলায় শুধু যুক্তরাজ্য থেকে বাঙালিরাই আসেন না, ইউরোপের বিভিন্ন দেশের বাঙালিরাও লন্ডনের এই মেলা উপভোগ করতে আসেন বলে জানান আয়োজকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!