নিউ ইয়র্কে ‘হুমায়ূন মেলা’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘হুমায়ূন মেলা’।
স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নান্দোস পার্টি হলে ‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। লেখকের শেষ দিনগুলো নিউ ইয়র্কে কেমন কেটেছিল, তার উল্লেখ করে শাওন বলেন, “এই শহরে পাঁচ বছর আগে হারিয়েছি আমার হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ আপনাদের ভালবাসার সান্নিধ্যে সেই কষ্টবোধ কিছুটা হলেও হালকা হলো বলে মনে করছি।”
মঞ্জুরুল ইসলাম বলেন, “নতুন কোন বই প্রকাশিত হবার সাথে সাথেই হুমায়ূন নিজ হাতে তা পাঠাতেন কলকাতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে। একদিন তা দেখে আমি তাকে নিষেধ করেছি। বলেছিলাম যে, সুনীল কি কখনো তার বই পাঠিয়েছেন? কিছুক্ষণ নিরবতা অবলম্বন করে সুনীলের নাম মুছে ফেলে তিনি আমাকে দিয়েছিলেন বইটি।”
মঞ্জুরুল বলেন, “বাংলায় গল্প বলার ঐতিহ্য দুই হাজার বছরের হলেও লিখিত সাহিত্যের বয়স আড়াই বছরের বেশি হবে না। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন হুমায়ূন আহমেদ। সর্বস্তরের মানুষের হৃদয় স্পর্শ করেছে তার লেখা। এজন্যে বাঙালির অস্তিত্ব যতদিন থাকবে, ততদিনই হুমায়ূনের বিচরণ থাকবে আমাদের সমাজে, সভ্যতার ইতিহাসে।”
মেলামঞ্চে হুমায়ুনের লেখা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, দিলরুরা খান, চন্দনা মজুমদার, কৃষ্ণাতিথি, শাহ মাহবুব ও রোকসানা মির্জা।
মেলায় হুমায়ুন আহমেদের লেখা বইয়ের স্টল ছাড়াও বাংলাদেশি খাদ্য ও পণ্যের স্টল রাখা হয়েছিল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
