ফ্লোরিডায় ‘ফোবানা কনভেনশন’ অক্টোবরে
‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ফোবানা কনভেনশন’-এর সময় নির্ধারণ করেছে অক্টোবরের শুরুর দিকে।
‘মানবতার জন্যে ঐক্য’-এই প্রত্যয়ে আগামী অক্টোবরের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি ৩১তম ‘ফোবানা কনভেনশন’ অনুষ্ঠিত হবে।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’-এ এসব তথ্য জানায় সংগঠনটি। হোস্ট সংগঠনের কর্মকর্তারা।
প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আজাদুল হক, নির্বাহী সচিব এম মাওলা দিলু, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ বক্তব্য দেন।
ফ্লোরিডার মায়ামিতে হয়েট রিজেন্সি হোটেলের বল রুমে এই কনভেনশন অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা’র ব্যবস্থাপনায়।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, “অতিথি আপ্যায়নে চ্যাম্পিয়ান মায়ামির বাঙালিরা। এবারের ফোবানা কনভেনশনেও তার ব্যতিক্রম হবে না।”
ফোবানার যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, “ইতোমধ্যেই শতাধিক তরুণ-তরুণীর সমন্বয়ে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের অনুশীলন শুরু হয়েছে। এরা সকলেই আমেরিকায় জন্মেছে। তবে সকলেই বাংলায় কথা বলেন এবং পুরো অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতির নিশ্চয়তা পাওয়া যাবে।”
“অনুষ্ঠানের উপস্থাপনায় বাংলার পাশাপাশি থাকবে ইংরেজি’-এ সিদ্ধান্তের কথাও জানান আহ্বায়ক এম রহমান জহির।
অনুষ্ঠানে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বাঙালিদের আমন্ত্রণ জানানো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সকলকেই কেন মূলধারায় সম্পৃক্ত হওয়া জরুরি-সে আলোকে এবং বাংলাদেশে বিনিয়োগে আমেরিকানদের উজ্জীবিত করার লক্ষ্যেও সেমিনার অনুষ্ঠিত হবে।
এ কনভেনশনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পাশাপাশি পেশাগতভাবে বিশেষ সাফল্য প্রদর্শনকারী কয়েকজন প্রবাসীকেও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
