স্রোতের পাথরে পা আটকে প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ার একটি পর্যটন এলাকায় স্রোতের পাথরে আটকে এক প্রবাসী বাংলাদেশি ডুবে মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বেন্টং শহরে জনপ্রিয় চামমন জলপ্রপাত পর্যটন কেন্দ্রে সাঁতার কাটার সময় মনির হোসেন জালাল উদ্দিন নামে এই বাংলাদেশি ডুবে যান বলে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা সূত্রে জানা যায়।
নিউ স্ট্রেইটস টাইমস ও অস্ট্রো আওয়ানিসহ মালয়েশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদটি গুরুত্ব সহকারে ছাপিয়েছে। স্থানীয় সংবাদপত্র মাধ্যমে জানা যায়, মনির হোসেন জালাল উদ্দিন (৪০) তার আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে জলপ্রপাতে সাঁতার কাটছিলেন।
জলপ্রপাতে পানির স্তর হঠাৎ বেড়ে গেলে মনির স্রোতের মধ্যে অদৃশ্য হয়ে যান বলে উপস্থিত দর্শনার্থী ও পর্যটকরা জানান।
মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) পরিচালক জয়নুল ইউসুফ বলেন, “পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে এপিএমের ১১ জন কর্মকর্তা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।”
জলপ্রপাতের গভীরে স্রোতের পাথরে পা আটকে যাওয়া অবস্থায় ডুবন্ত মনিরকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পরে তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ময়নাতদন্তের জন্য বেন্টং হাসপাতালে নেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
