২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শরণার্থী কেন্দ্রে অনশনে বাংলাদেশিও

জাপানে শরণার্থী হিসেবে আশ্রয় দাবিতে আমরণ অনশনে বিদেশিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2017, 01:29 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

বৃহস্পতিবার টোকিওতে অভিবাসন ব্যুরোতে ১২টি দেশের প্রায় ২০ জন অনশন শুরু করেন বলে জানিয়েছেন ওই দপ্তরের কর্মকর্তারা।

তবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে আমরণ অনশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪০ এর কাছাকাছি। যেখানে চীন, ভারত, পেরু, ক্যামেরন, নাইজেরিয়া, বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিক রয়েছেন।

কোন দেশের কতজন নাগরিক আটক হয়েছেন, সেই তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশি কতজন রয়েছেন এবং তারা কারা, তাও জানা যায়নি।

এর আগে গত মার্চে প্রতারণার শিকার হয়ে জাপানে বিএনপির দুই কর্মী আটক হয়েছিলেন।

অনশনকারীদের দাবি, জাপান সরকার ইচ্ছে করেই অভিবাসীদের দীর্ঘদিন আটক করে রাখে। চিকিৎসা সেবাও নিম্নমানের। দীর্ঘদিন কাজ করার পরও ‘অভিবাসী কিংবা শরণার্থী’র টিকিট পাওয়া যায় না।

সরকারের অভিবাসন নিয়ম জটিল বলে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানিয়েছেন।

অভিবাসন ব্যুরোর নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা কাজুয়ুকি তকুই সাংবাদিকদের বলেন, “আমরা খুব কাছ থেকে তা পর্যবেক্ষণ করেছি, যাতে কেউ অসুস্থ্ না হয়। অনশনকারীদের কেউ কেউ আবার খাওয়া-দাওয়া করছেন।”

Image
টোকিওতে অভিবাসন দপ্তরের বন্দিশিবিরে আটক এক বিদেশি- ছবি: রয়টার্স (ফাইল ছবি)

টোকিওতে অভিবাসন দপ্তরের বন্দিশিবিরে আটক এক বিদেশি- ছবি: রয়টার্স (ফাইল ছবি)

দেশটির শীর্ষস্থানীয় দৈনিক জাপান টাইমস অভিবাসন ব্যুরোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অভিবাসন ব্যুরোতে অন্তত ৫৮০ জন বিদেশি আটক রয়েছে।

বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজেকি ওসুকি বলেন, এখন পর্যন্ত ৩৮৭ জন পুরুষ ও ১৮৯ জন নারী আটক রয়েছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন প্রভেশনাল রিলিজ আসোসিয়েশনের সভাপতি মিসুরু মিয়াসাকু বলেন, বৃহস্পতিবার থেকেই অভিবাসন ব্যুরোতে আটক প্রায় ৪০ জন বিদেশি অনশন করে আসছিলেন। তারা কোনো খাবার খাননি। কেউ কেউ অসুস্থ্ও ছিল।

অভিবাসীদের নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান কর্মকর্তা বলেন, এই আন্দোলনে জড়িয়ে পড়া অনেকেই এক দশক ধরে জাপানে কাজ করে আসছের, এরপরও তাদেরকে ‘রেসিডেন্সি দেওয়া হয়নি’।

 সরকারের অভিবাসী নিয়মে কড়াকড়ির সমালোচনা করেন তিনি।

ইমিগ্রেশন ব্যুরোর হিসেব মতে, গত বছর ১০ হাজার ৯০১ জনের মধ্যে মাত্র ২৮ জন শরাণার্থীকে জাপানে থাকার অনুপতিপত্র দেওয়া হয়।

পুরনো খবর:

জাপানে আশ্রয় পেতে প্রলোভনের ফাঁদে দুই বিএনপিকর্মী