২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের প্রতিবাদে লন্ডনের গণজাগরণ মঞ্চ

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 04:45 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে প্রবাসীরা জড়ো হয়েছিলেন ধর্ষক ও অপরাধীদের দ্রুত বিচারসহ নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে।

গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত প্রবাসীরা তাদের বক্তব্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠ্যপুস্তকে মানবিক শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- কবি শামীম আজাদ, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, নাট্যব্যক্তিত্ব গোলাম কবির, সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, গণমাধ্যম ব্যক্তিত্ব বুলবুল হাসান, টাওয়ার হ্যামলেট লেবার পার্টির আনিসুল ইসলাম আনিস, সায়মা আহমেদ, নাট্যকার মুকুল আহমেদ, ব্লগার ও আইনজীবী নিঝুম মজুমদার, ব্লগার সুশান্ত দাসগুপ্ত, ব্লগার আরাফাত তানিম, ফয়সাল ইফতেখার রাজা, সায়েদ আহমেদ সদ্, সাংবাদিক ইমরান আহমেদ, নাহিদ জায়গীরদার, সাইফুল ইসলাম মিঠু, শারমিন জান্নাত ভুট্টো, সিনথিয়া আরেফিন ও রোমেল আলাউদ্দিনসহ প্রবাসী বাংলাদেশিরা। ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় প্রতিবাদ সভা থেকে। ভিকটিমদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ার পক্ষেও জোর দেন তারা।

প্রতিবাদ ও প্রতিরোধই নারীর প্রতি সহিংসতা, অত্যাচার, নির্যাতন আর ধর্ষণ রুখে দিতে পারে বলে মতামত দেন উপস্থিত প্রবাসীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!