৬ প্রবাসীকে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মাননা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ৬ প্রবাসী সমাজকর্মী, রাজনীতিক ও ব্যবসায়ীকে সম্মাননা দিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’।
রোববার রাতে নিউ ইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে ক্লাবের নতুন নির্বাচিত কমিটির পরিচিতি সমাবেশে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ও ডেমক্র্যাটিক পার্টির ভাইস চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং এ সম্মাননা দেন।
পুরষ্কার পাওয়া সমাজকর্মীরা হলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী, আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল, পিপল এন টেক ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আবু হানিফ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট কাদের মিয়া এবং বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ।
এসময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। কংগ্রেসওম্যান মেং বলেন, “যারা মানবসেবায় কাজ করছেন, তাদেরকে উৎসাহিত করার মধ্য দিয়ে প্রকারান্তরে অন্যরাও উজ্জীবিত হয়ে থাকেন।”
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “নিজ মেধা ও কর্মনিষ্ঠার গুণে অনেক প্রবাসী আজ প্রতিষ্ঠিত। কঠোর শ্রমে অর্জিত অর্থে অনেকেই প্রবাসে এবং স্বদেশের আর্ত-পীড়িতদের সেবায় মনোনিবেশ করেছেন। পর্যায়ক্রমে তাদের পুরষ্কৃত করবে এ প্রেসক্লাব।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
