২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল বাংলাদেশ রচনায় মার্কিন সহায়তা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ এবং নিউ ইয়র্কের ‘নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি (এনওয়াইআইটি)’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 11:07 AM

Updated : 19 Aug 2022, 04:35 PM

স্থানীয় সময় বুধবার বিকাল ৪টায় নিউ ইয়র্কে অবস্থিত এনওয়াইআইটি’র প্রশাসনিক ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এটুআই-এর প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার এবং এনওয়াইআইটি’র পক্ষে প্রতিষ্ঠানটির ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে রয়েছে এনওয়াইআইটি’র শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নততর প্রশিক্ষণ, নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের নানা বিষয়।

এছাড়া আরও রয়েছে এনওয়াইআইটি’র ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের এটুআই-এর কাজের সাথে সম্পৃক্তকরণ এবং প্রতিষ্ঠানটির সহযোগিতা নিয়ে এটুআই গৃহীত কর্মসূচির মূল্যায়ন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত নাগরিক সেবা প্রদানে ‘নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি’-এর সুদীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর মতো বিষয়গুলো।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এনওয়াইআইটি’র ইনটেরিম প্রেসিডেন্ট রহ্মত সুরেসি বলেন, “এর মাধ্যমে আমাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা ও তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে ব্যবহৃত হবে। শিক্ষক, শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণ উপকৃত হবেন।”

এটুআই-এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, “আমরা পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছি। এই সমঝোতা স্মারক স্বাক্ষর এরই ধারাবাহিকতা। আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।”

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রতিষ্ঠান দুটির গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর দুটি পৃথক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনওয়াইআইটি’র অ্যাকটিং প্রভোস্ট লোউ রেইনিস, শিক্ষক-প্রশিক্ষণ বিভাগের চেয়ারম্যান হুই ইন সু, সহকারি অধ্যাপক মিনহাজ ফজল, এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. নুরএলাহি মিনা ও এনওয়াইআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী কাজী তারানা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!