নিউ ইয়র্কে ওয়াজেদ মিয়াকে স্মরণ
পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’ এ আয়োজন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সংগঠনের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুল হাছিব মামুন।
এছাড়া আরও বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য শাহানারা রহমান, বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকার, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আলমগীর এবং সাধারণ সম্পাদক শাহীন আজমল।
সিদ্দিকুর রহমান বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ দেশ হিসাবে গড়তে হলে আমাদের প্রত্যেককে এম এ ওয়াজেদ মিয়ার মত সৎ মানুষ হতে হবে। দেশের জন্য বঙ্গবন্ধু পরিবারের যে আত্মত্যাগ, তা অনুসরণ করে আমাদের প্রত্যেকের উচিত সৎ জীবনযাপনের শপথ নেওয়া।”
নিজাম চৌধুরী ওয়াজেদ মিয়ার কর্মজীবনের ওপর আলোকপাত করে বলেন, “তার মত মহৎ প্রাণের মানুষের অভাব কখনোই পূরণ হবার নয়।”
আলোচনা সভার শুরুতে ইমাম কাজী কাইয়্যুমের পরিচালনায় এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
