নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বর্ষবরণ
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাংলা নববর্ষ -১৪২৪ উদযাপন করেছে।
স্থানীয় সময় শনিবার নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কনস্যুলেটের মিলনায়তনে।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল মো.শামীম আহসান আমন্ত্রিত অতিথিদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তার স্বাগত বক্তব্যে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সকল নাগরিকের জন্য নববর্ষ আরও সুখ ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি মাসুদ বিন মোমেন শুভেচ্ছা বক্তব্যে বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরতে গিয়ে সম্প্রতি ইউনেস্কো কর্তৃক ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দানের কথা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের নববর্ষ উদযাপনে একটি নতুন মাত্রা যুক্ত করেছে।
আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা ও কর্মচারীরা, তাদের পরিবারের সদস্য এবং নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাসরত প্রবাসী শিল্পীরা অংশ নেন।
বৈশাখের ঐতিহ্য এবং দেশের আবহমান সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
