২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আলতাব আলী স্মরণে গ্রন্থ প্রকাশ

যুক্তরাজ্যের লন্ডনে ‘সাপ্তাহিক জনমত’-এর সম্পাদক নবাব উদ্দিন সম্পাদিত ‘রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান করেছে প্রবাসী বাংলাদেশিরা।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 11:59 AM

Updated : 11 Oct 2022, 01:58 PM

স্থানীয় সময়  শুক্রবার ‘সাপ্তাহিক জনমত’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলতাব আলী হত্যাকাণ্ড নিয়ে বাংলা ও ইংরেজি ভাষার সংকলন ‘রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সাপ্তাহিক জনমত’-এর প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘জনমত’-এর ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে শহীদ আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, বেথনাল গ্রিন ও বো আসনের সদ্য সাবেক এমপি রুশনারা আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, গ্রন্থের সম্পাদক নবাব উদ্দিন, জনমত-এর ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ নাহাস পাশা।

মোড়ক উন্মোচন শেষে বইটি নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তারের লেখা গ্রন্থালোচনাটি উপস্থাপন করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান।

আলোচনায় অংশ নেন নির্বাহী মেয়র জন বিগস, সদ্য সাবেক এমপি রুশনারা আলী, আলতাব আলী ফাউন্ডেশনের সহ সভাপতি ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নুর উদ্দিন আহমদ, ১৯৭৮ সালে বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক জামাল হাসান, কাউন্সিলর আব্দুল মুকিত চুনু ও সুলতান মাহমুদ শরীফ।

এছাড়া আরও অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্ব শফিকুর রহমান চৌধুরী, বর্ণবাদী আন্দোলনে যোগদানকারী কমিউনিটি অ্যাক্টিভিস্ট আইয়ুব করম আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদ উল্লাহ, সাপ্তাহিক জনমতের পলিটিক্যাল এডিটর ইসহাক কাজল, সাপ্তাহিক জনমতের ডিরেক্টর জুনায়েদ চৌধুরী, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী, জনমতের নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের।

আলোচনার ফাঁকে কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার, তৌহিদ শাকিল, সালাউদ্দিন শাহীন, মুনিরা পারভীন, শহিদুল ইসলাম সাগর ও কবি দিলু নাসের। সঙ্গীত পরিবেশন করেন মুস্তাফা কামাল মিলন ও শ্যামল চৌধুরী।

অনুষ্ঠানে সহযোগিতাকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব, আলতাব আলী ফাউন্ডেশন এবং ফেইথ প্রিন্টার্স। অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালেহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, ইভেন্ট সম্পাদক তওহিদ আহমদ, কার্য নির্বাহী সদস্য ইমরান আহমদ, জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, অফিস ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ কিনু ও আলোকচিত্র শিল্পী খালিদ হোসেন।

১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদী শ্বেতাঙ্গদের ছুরিকাঘাতে হোয়াইটচ্যাপল এলাকার অ্যাডলার স্ট্রিটে নিহত হয়েছিলেন টেক্সটাইল কর্মী আলতাব আলী (২৫)। এই ঘটনায় সেদিন বিক্ষোভে ফেটে পড়েন বাঙালিরা। তাদের সাথে যোগ দেন এশিয়ান, আফ্রো ক্যারিবিয়ানসহ অন্যান্য অভিবাসীরাও।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!