প্লাজা-পিয়াজ্জা’র দেশে
ব্রিটেনে একটু লম্বা সময়ের জন্য এলে ইউরোপ দেখে যাওয়ার ইচ্ছা খুব কম মানুষই দমাতে পারে। এর পেছনে একটা বড় কারণ আছে।
ইউকে থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য শেনজেন ভিসা পাওয়া যেমন সহজ, তেমনি এখান থেকে খুব কম খরচে আর পরিশ্রমে বৈচিত্রপূর্ণ এক মহাদেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করা যায়। বাংলাদেশ থেকে ইউরোপের কোনো দেশে আসতে যে পরিমাণ অর্থ, সময় আর শ্রম ব্যয় করতে হবে, তার সিকিভাগ দিয়েই ইউরোপ ভ্রমণের এই সুযোগ তাই কেউ ছাড়তে চায় না।
যাক সেসব কথা, ইউরোপ ভ্রমণের বিষয়ে আসি। ইচ্ছা আর সহজ সুযোগ থাকলেই তো আর সব হয় না। অর্থের যোগান থাকতে হয়। এখানে ঘুরে-ফিরে দেখার জন্যে কোনো চাকরিদাতা আমাকে স্পনসর করবে না, তাই নিজের জমানো যা ছিল সেটাই সম্বল।
তাই আপাতত ইউরোপ ভ্রমণের চিন্তার ফ্রেমটা ছোট করে স্পেন আর ইতালি ভ্রমণে নিবিষ্ট করলাম। এর কারণ দাঁড় করাতে গিয়ে দেখলাম, এই দুই দেশের একটি হলো ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক বিবেচনায় ইউরোপের সবচেয়ে বৈচিত্রপূর্ণ দেশ, আরেকটি হলো ইউরোপিয় সভ্যতার আদিভূমি (নিজেকে কিছুটা সান্তনা দেওয়ার জন্যে)।
মনে যখন ইচ্ছা চেপে বসেছে, তখন তো আর ফেরার উপায় নেই। ধীরে ধীরে প্রস্তুতি নিতে লাগলাম। বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভ্রমণ পরিকল্পনা করা যায়, কিন্তু তাতে নিজের ইচ্ছামতো সবকিছু হয় না, আর খরচও যায় বেড়ে।
আবার দেখলাম, শীতকালে ভ্রমণে গেলে সাধারণ সময়ের চেয়ে খরচ প্রায় ৩-৪ গুণ কামানো সম্ভব। শীতকালে ইউরোপের দেশগুলোতে বিমানের ভাড়া, হোটেল বুকিং- সব কিছুতেই খরচ কম। অন্যদিকে শীতের সময় ইউকে’তে তাপমাত্রা মাইনাস ৭ থেকে প্লাস ৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও স্পেন এবং ইতালির ভৌগোলিক অবস্থানগত কারণে সেখানে তাপমাত্রা প্লাস ৫ থেকে প্লাস ১৩ ডিগ্রির মধ্যে থাকে, যা আমাদের বাঙালিদের জন্যে অনেকটা সহনীয়।
ট্রেনে করে যখন গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছি, তখন দেখলাম বরফ পড়তে শুরু করেছে। মনে মনে ভাবলাম, ইউকে থেকে বের হওয়ার জন্যে সঠিক সময়টাই নির্ধারণ করেছি।
১২ জানুয়ারি, দিবাগত রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছে আগে থেকে বুকিং দেওয়া হোস্টেল কাসানোভাতে উঠি। রাতের বেলা এক বুড়ো থুরথুরে দাদু হোটেলের গেট খুলে দিলেন। তিনি ইংরেজির ই-ও বোঝেন না। আমার নাম বলাতে বুকিং কাগজ দেখে আমাদের রুম দেখিয়ে দিলেন আর দরজা খোলা এবং লক করার পদ্ধতি শিখিয়ে দিলেন। সবই হলো ইশারায়।
গভীর রাতে প্রয়োজন-অপ্রয়োজন কোনো কথা বলতে না পেরে একটু মুশরেই পড়েছিলাম। কিন্তু সকালে যখন হোটেল থেকে বাইরে বের হলাম, উজ্জ্ব্ল রোদ আর তাপ পেয়ে মনটা ভালো হয়ে গেল। ইউকে’তে বছরের এই সময়ে রোদ্দুর তো দূরের কথা, মেঘমুক্ত আকাশ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার।
যাই হোক,প্রথমে গেলাম প্রাডো মিউসিয়ামে। মাদ্রিদে গিয়ে থাকলে,যারা চিত্রকর্ম ভালোবাসেন না তাদেরও উচিত একবার এখানে আসা। মিউসিয়ামটা চিত্রকর্ম আর ভাস্কর্যে ঠাসা। বেশিরভাগ চিত্রকর্ম তিনশ’ থেকে পাঁচশ’ বছর পুরাতন।
কেমন ছিল পনের শতকের সেই সময়ের শিশুদের জীবন, তাদের যুদ্ধ পরিচালনা, সমাজ ব্যবস্থা- এসব তৎকালীন শিল্পীরা এঁকে রেখে গেছেন। চিত্রকর্ম দেখতে গিয়ে আবিষ্কার করলাম, স্পেনের সমাজ ব্যবস্থায় একটু স্থূল আকৃতির নারীরাই ছিল বোধহয় সৌন্দর্যের প্রতিক (অবশ্য একেবারেই আমার ব্যক্তিগত ধারণা)।
পরদিন রাতে ওই ঠিকানা খোঁজ করে গেলাম। জায়গাটার নাম ‘লাভা পিয়েস’। এলাকাটা মাদ্রিদের বাঙালিপাড়া নামেই পরিচিত। মাকসুদ নামের এক বাংলাদেশি ব্যবসায়ী ভাই বাংলা হোটেল চিনিয়ে দিলেন।
মাদ্রিদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা বেশ ভালো। অল্প খরচে ঘুরে বেড়াবার জন্যে মেট্রোরেলই সর্বোৎকৃষ্ট ব্যবস্থা মনে হয়েছে। তবে চিন্তার বিষয় হলো কেউ ইংরেজি বলে না। অবশ্য এদের পাবলিক প্লেসে তথ্যগুলো চিহ্ন দেখে সহজেই বুঝতে পারা যায়।
স্থানীয় খাবার চেখে দেখাটা ভ্রমণের একটা অংশ। এই রকম আগ্রহ থাকলে সানমাগুইল মার্কেটে যাওয়া যেতে পারে। হরেক রকমের খাবার এখানে পাওয়া যায়। মাদ্রিদের আরেকটা বিখ্যাত খাবার হলো ‘চুড়ো চকলেট’। এক কাপ চকলেট এর মধ্যে চুড়ো ডুবিয়ে খাওয়া। পুয়ের্তো ডেলসলের কাছাকাছি ‘চকোলাটেরিয়া সান জিনেস’ দোকানটা চুড়ো চকলেটের জন্য বিখ্যাত। এটা ২৪ ঘণ্টা খোলা থাকে।
১৫ জানুয়ারি, খুব ভোরবেলা রেনফেরেলে করে মাদ্রিদ থেকে সেভিলে রওনা করি। সম্ভবত আড়াই থেকে তিন ঘণ্টা লেগেছিলো। স্পেনে যে ট্রেনগুলো এক শহর থেকে আরেক শহরে চলাচল করে, এগুলো রেনফের অধীনে। সেভিল খুব শান্ত, পরিপাটি একটা শহর। শহরটার মধ্যে দিয়ে বয়ে গেছে গুয়াদাল কুভির নদী।
সেভিল ক্যাথেড্রালের মধ্যে দিয়ে ঢুকে জিরালডা টাওয়ারে ওঠা যায়। টাওয়ারটার উচ্চতা প্রায় ৩৪২ ফুট। পুরোটা পায়ে হেঁটেই উঠতে হয়, তবে হুইল চেয়ার ঠেলে নেবার ব্যবস্থা আছে। টাওয়ারের মাথা থেকে সেভিল শহরের পুরোটা দেখে নেওয়া যায়।
আর সেভিল ক্যাথেড্রালটা হলো পৃথিবীর সবচেয়ে বড়ো গোথিক ক্যাথেড্রাল। সেভিলে আসলে যেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তা হলো আলকাজার প্যালেস। এর বাগান আর স্থাপনাগুলো ভালোভাবে ঘুরে দেখতে ৩-৪ ঘণ্টা সময় লেগে যায়।
সেভিলের রাস্তাগুলোর দুই ধার দিয়ে সারি সারি কামলালেবুর গাছ আর তাতে ঝুলে আছে বড় বড় কমলা। কেউ ছিড়ে খাচ্ছে না দেখে অবাক লাগে! আলকাজার প্যালেসের মধ্যে থেকে একটা কমলা ছিড়ে বোঝা গেল, গাছের কমলা গাছেই থেকে যাওয়ার মূল রহস্য। এতটাই টক যে পাখিও খায় না।
সন্ধ্যার পর সময় কাটানোর মতো জায়গা হলো ‘প্লাজাদে এস্পানা’। এছাড়া সেভিল ফ্লামেন কোশো’র জন্যেও বিখ্যাত। ফ্লামেন কোশোগুলো মূলত সন্ধ্যার পরেই হয়ে থাকে। কিন্তু ৬ বছরের নিচের বাচ্চাদের ঢোকার অনুমতি নেই। তাই ছোট বাচ্চা সাথে থাকলে এই চিন্তা বাদ দিতে হবে। কেউ যদি ষাঁড়ের লড়াই দেখতে চান, তবে অবশ্যই এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে যেতে হবে।
গ্রানাডার মূল আকর্ষণ হলো ‘আলহামরার নাসরিদ প্যালেস’। গ্রানাডার মূল শহরেরই একপ্রান্তে আলহামরা অবস্থিত। এখানে আসার আগে অনলাইনে আলহামরার টিকেট করে নেওয়াই ভালো। সরাসরি এসে টিকেট করতে গেলে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
স্পেনের যে কয়টা শহরে গেয়েছি তার মধ্যে গ্রানাডাকে পছন্দের তালিকায় এক নম্বরে রাখবো আমি। শহরে পরিমিত মানুষের চলাচল, খাবারের বৈচিত্র্য এখানে অনেক বেশি। আমরা ছিলাম শহরের মোটামুটি প্রাণকেন্দ্রেই, হোস্টেল ভেরোনিকাতে।
আলহামরা জেনারেল লাইফের অনলাইন টিকেট আগেই করা ছিল, বিকালে কোরাল ডেলকার্বন নামের একটা ভবন থেকে পরেরদিনের আলহামরা ভ্রমণের টিকেটের হার্ডকপি নিলাম। এখানে ক্যাথেড্রাল দে গ্রানাডা এবং প্লাজা ইসাবেল লাকাটলিকে কিছু সময় কাটানো যায়।
এলাকাটা ঘুরতে ঘুরতে চলে এলাম ‘আলকাইসেরিয়া’ নামের একটা মার্কেটে। মার্কেটে কয়েকটা দোকানির সাথে আলাপে বুঝলাম, এরা বেশিরভাগই মরোক্কোর অধিবাসী। এদের দোকানগুলো খুবই রঙ-বেরঙের। পণ্যগুলোও বেশ চটকদার, দেখলেই কিনতে ইচ্ছা করবে।
গ্রানাডাতে মরোক্কোর ব্যবসায়ীদের এতো আধিক্য দেখে নেটে সার্চ দিলাম। গ্রানাডা প্রদেশটা ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল, জিব্রালটার প্রণালী একে মরক্কো থেকে পৃথক করে রেখেছে। আর আলহামরা, নাসরিদ প্যালেস- এগুলো মরক্কো থেকে আগত মোহাম্মদ ইবনে নাসির প্রতিষ্ঠা করেছেন। গ্রনাডাতে মুসলিম শাসনের সমাপ্তি হয় ১৪৯২ সালে।
আলহামরা হলো গ্রানাডা শহরের মধ্যে আর একটা শহর। এটা পুরো ঘুরে দেখতে হলে একদিন সময় হাতে রাখতে হবে। হাতে সময় অল্প থাকলে শুধু নাসরিদ প্যালেস দেখা যেতে পারে।
গ্রানাডা পর্ব শেষ করে গিয়েছিলাম বার্সেলোনাতে। বার্সেলোনাতে এসে মনে হলো এটা অনেক ক্ষেত্রে স্পেনের রাজধানী মাদ্রিদের থেকেও উন্নত। বার্সেলোনাতে সময়টা একটু কম বরাদ্দ থাকাতে বার্সেলোনার সমুদ্র সৈকত, মঞ্জুইক কাসল, গোথিক কোয়ার্টার, আর্ক্দে ট্রিওমফ- এই কয়েকটা জায়গা ঘুরেই রোম, ইতালির পথে রওনা দেই।
মঞ্জুইক কাসলের উপর থেকে ভূমধ্যসাগরের তীরবর্তী বার্সেলোনার সমুদ্র বন্দরটা পাখির দৃষ্টিতে দেখে নেওয়া যায়। বার্সেলোনাতে মোটামুটি সব ধর্ম-বর্ণের মানুষ পাওয়া যাবে বলে মনে হয়েছে।
স্পেন ভ্রমণে মনে হয়েছে, স্পানিয়ার্ডরা আসলে একটু নাক উঁচু জাত। ইংরেজি ব্যবহারে অনীহা, ভিনদেশি দেখে তাদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা, সবকিছুতেই একটা দেমাগী ভাব আছে। অবশ্য থাকারই কথা। পৃথিবীর চার ভাগের এক ভাগ তো বলা যায় ওদেরই কলোনি ছিল। এজন্যেই বোধহয় এখনো নিজেদেরকে কিছুটা উচ্চমার্গীয় ভাবে। ইতালিতে গিয়ে পরিস্থিতি দেখলাম অন্যরকম।
ইতালিয়ানরা বিশেষ করে রোমের কথাই বলবো ওরা বেশ সহজ এবং মিশুক। রোমের রাস্তাঘাটে হাঁটতে গিয়ে টের পেলাম প্রচুর বাংলাদেশি ফেরিওয়ালা রয়েছে ওখানে। তারা সেলফি স্টিক, ব্যাটারি, পাওয়ার ব্যাংক বিক্রি করছে। কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। বাংলাদেশি জেনে কথা বললো,কিন্তু মনে হলো তথ্য গোপন করতে চায়।
একদিন সারাদিন বরাদ্দ রেখেছিলাম ভ্যাটিকান সিটির জন্যে। ভ্যাটিকান সিটির মিউসিয়াম, সিস্টিন চ্যাপেল আর সেইন্ট পিটার্স ব্যাসিলিকা (পৃথিবীর সবচেয়ে বড়ো চার্চ) দেখতে পুরো একদিন লাগে। ভ্যাটিকান সিটি নামের পৃথিবীর সবচেয়ে ছোট এই রাষ্ট্রটি চারিদিক দিয়ে রোম শহর দ্বারা বেষ্টিত। ১৯২৯ সালে পোপের সাথে এক সমঝোতায় ইতালি সরকার ১১০ একরের এই জায়গা আলাদা রাষ্ট্র হিসেবে ছেড়ে দেয়।
পুরো রোমে শহর জুড়ে ভ্যাটিকানেরটাসহ পাঁচটি বাসিলিকা রয়েছে। বাসিলিকাগুলো মূলত চার্চ এবং এগুলোর মধ্যে মিউসিয়ামও আছে। প্রত্যেকটাই নিজস্ব বৈশিষ্ট্য আর ইতিহাসে সমৃদ্ধ। রোম শহরের একপ্রান্তে ভিলা বর্গিস নামের বিশাল এক বাগান রয়েছে। এর মধ্যে বাচ্চাদের জন্যে চিড়িয়াখানা, বিভিন্ন রাইড, মিউসিয়াম, লেক ছাড়াও সময় কাটানোর অনেক ব্যবস্থা রয়েছে।
সারাদিন এখানে কাটিয়ে পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামলেই পাওয়া যায় ‘পিয়াজ্জা স্প্যাগনা’। সন্ধ্যায় সময় কাটানোর জন্যে এক অপূর্ব ব্যবস্থা। রোমের সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো- কলোসিয়াম, পিয়াজ্জা ভেনেজিয়া, ক্যাপিটলিনে মিউসিয়াম, ত্রেভি ফাউন্টেন, পিয়াজ্জা নাভোনা, পিয়াজ্জা পোপোলসহ আরো অনেক জায়গা। কলোসিয়াম, পিয়াজ্জা ভেনেজিয়া, ক্যাপিটলিনে মিউসিয়াম –এই তিনটার জন্যে একটু বেশি সময় রাখতেই হবে।
স্থানীয় ইতালিয়ান খাবার খেয়ে দেখতে চাইলে চলে যেতে হবে টিবের নদীর পশ্চিম পাড়ে ত্রেস্টভরে এলাকায়। টিবের নদীটার তেমন কোনো বিশেষত্ব চোখে পড়লো না। বাংলাদেশের একটা খালের মতো, কিন্তু নদীর দুই ধার বাঁধিয়ে আর আলোকসজ্জা করে এটাকেও ওরা চরম নান্দনিক একটা পর্যটন আকর্ষণে রূপ দিয়েছে।
রোম শহরের কেন্দ্রবিন্দু বলা যাই টার্মিনি স্টেশনটাকে। এখানে প্রচুর দোকানে বাংলাদেশি দেখতে পাওয়া যাবে। বাঙালি খাবারের দোকানও আছে। রোমে একাধারে মেট্রোরেল, সিটিবাস এবং ট্রাম সার্ভিস রয়েছে। যারা কলকাতায় গিয়েছেন তারা তো ট্রামের সাথে পূর্ব পরিচিত। ইতালির মতো মাটির নিচ দিয়ে মেট্রোরেল আর উপর দিয়ে ট্রাম সার্ভিস- দু’টো একইসাথে বিদ্যমান এমন শহর মনে হয় খুব বেশি নেই।
রোম শহর দেখে সহজেই অন্যান্য ইউরোপিয়ানদের থেকে এটাকে পৃথক করা যায়। ইউকে আর স্পেনে ওদের রাস্তাঘাট যেমন ঝকঝকে, ফুটপাথগুলো প্রশস্ত ছিল, এখানে তেমন না। রাস্তাগুলো অনেক সরু, অনেক জায়গাতে ফুটপাথ নেই। হয়তো জনসংখ্যা এই শহরে বেশি হওয়াতে এবং প্রাচীন স্থাপনাগুলোর কারণে রাস্তা প্রশস্ত করতে পারেনি। তাই বলে ওরা বসে থাকেনি। পর্যটন আকর্ষণের জন্যে যা করার তার সবই করেছে।
ভূমধ্যসাগরের উত্তর এবং পশ্চিম তীরে উড়োজাহাজে প্রায় ৪ হাজার ৩০০ কিলোমিটার, ট্রেনে ৭০০ কিলোমিটার এবং বাসে প্রায় ২০০ কিলোমিটার ঘুরতে ঘুরতে প্রায়ই নিজের দেশের সাথে তুলনা চলে আসছিলো। এখন লিখতে গিয়েও তা আরো অবধারিতভাবে এলো।
সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সুযোগ থাকার পরেও আমরা এখনো পারিনি। ইউরোপের মানুষের কাছে আমাদের পার্শ্ববর্তী থাইল্যান্ড এখন গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। তাই বলে বলছিনা যে আমাদের থাইল্যান্ডকে অনুসরণ করা উচিত। আমাদেরটা তো আমাদের মতোই হওয়া উচিত। অন্যদের যা আছে আমাদের তা নেই আর আমাদের যা আছে অন্যদের তা নেই।
আমাদের ভৌগোলিক এবং ঐতিহাসিক ভিত্তি অবজ্ঞা করে কিছু করতে গেলে তা শুধু উন্নয়নের নামে অনুসরণ করাই হবে, যেটাকে কোনোভাবেই টেকসই উন্নয়ন বলা যায় না। নদীমাত্রিকতা আর সংস্কৃতিক বৈচিত্র্য- এই দু’টো বিষয়কে প্রাধান্য দিয়ে আমরাও একটা ঈর্ষণীয় পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে পারি।
তবে খেয়াল রাখতে হবে নান্দনিকতা আর সার্বজনীনতা- এই দুটো বিষয়ে যেন কোন ছাড় না দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে পর্যটনের মূল উপাদান এ দুটোই।
লেখক: প্রবাসী শিক্ষার্থী, সাসেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
