এক একটি যেন অ্যান্টিক পিস!
অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম বন্ধুদের সাথে ‘সানডে মার্কেটে’ যাওয়া নিয়ে। আসার পর থেকেই শুনছি, প্রত্যেক রোববারে এই মার্কেটে নাকি হাজার হাজার দর্শনার্থী আসে শুধুমাত্র এই মার্কেটের ঐতিহ্য দেখার জন্য।
তারপর থেকে শুধু একটি জিনিসই মাথায় ঘুরছিলো- কী এমন আছে এই মার্কেটে, যার জন্য হাজার হাজার মানুষ যাচ্ছে দেখতে?
আসলে ইংল্যান্ডে আসার পর থেকে পড়াশোনা ও চাকরি নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সময় বের করতে হিমশিম খেতে হয়। কারণ সবারই জানা, এখানকার জীবনযাপন একেবারে অন্যরকম। তারপরও নিজেকে মানিয়ে নিতে হয় সময়ের সাথে সাথে।
‘ভিনটেজ মার্কেট’ বলার পেছনে একটাই কারণ, তা হলো এই মার্কেটে অনেক পুরাতন আমলের জিনিসপত্র পাওয়া যায়, যা কিনা আপনাকে খুবই আর্কষণ করবে। এই আর্কষণের লোভ সামলাতে না পেরে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যেকোনো এক রোববারে ঘুরতে যাব ওই জায়গাটিতে। রোববারে বেড়াতে যাওয়ার একটি কারণ হলো, প্রত্যেক রোববারে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়।
ও আরেকটি কথা, এই মার্কেটটির অন্য আরেকটি নাম আছে, সেটি হলো ‘ব্রিকলেন মার্কেট’। এই মেলাটির অবস্থান ব্রিকলেন থেকে হোয়াইট চ্যাপেল পর্যন্ত। এই মার্কেট প্রথম শুরু হয়েছিল ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে। এর ভেতরে রয়েছে ২৫০টি স্টল।
কী নেই এখানে? ভিনটেজ এবং হাতে তৈরি পোশাক থেকে শুরু করে মিউজিক, খাদ্যসামগ্রী, লেদারের পণ্যসামগ্রী, বই, হস্তশিল্প, পুরাতন আমলের জুয়েলারি প্রভৃতি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। তবে খুব একটা বেশি নয় দ্রব্যসামগ্রীর মূল্য, ১ পাউন্ড থেকে শুরু করে ৫০ পাউন্ডের মধ্যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
আশেপাশের মিউজিক ও পরিবেশ থেকে মনে হচ্ছে আমি পুরাতন আমলেই আছি, মানে ৯০ দশকে আছি। এর ভেতরে আরও কিছু অন্যরকম স্টল রয়েছে যেখানে বিক্রি করা হচ্ছে হাতে তৈরি কার্ড, জুয়েলারি ও শোপিস। এক একটি হস্তশিল্প যেন এক একটি ইতিহাস বহন করছে এবং ইংল্যান্ডের ঐতিহ্যকে ধরে রাখছে।
এরপর ঢুকলাম ‘দ্যা বয়লার হাউজ ফুড হল’-এ, যেখানে দেখতে পেলাম বিভিন্ন দেশের ফুড স্টল, যেমন- ইতালিয়ান, পোলিশ, মেক্সিকান, জাপানিজ, আফ্রিকান, অ্যারাবিয়ান এবং এশিয়ান ফুডও রয়েছে। এমনকি এটি ‘ব্রিকলেনের ফুড হল’ নামেও পরিচিত।
এর ভেতরে ৩০টি দেশের ফুড স্টল রয়েছে এবং এই হলটি প্রত্যেক রোববারে সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে। এমনকি যাতে দর্শনার্থীরা বসে খেতে পারে, সেজন্য টেবিল-চেয়ারের আয়োজন করা হয়েছে। পুরো হল জুড়ে শুধু খাবারের সুবাস। ১ পাউন্ড থেকে ৫ পাউন্ডের মধ্যে আপনি যেকোনো দেশের খাবার খেতে পারবেন।
কতো দেশের যে খাবার দেখলাম আমি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটি খাবারের স্বাদ নেওয়া তো সম্ভব নয় ওই মুহূর্তে, তবে আমরা সবাই মিলে অ্যারাবিয়ান খাবারের স্বাদ নিয়েছিলাম।
এমনকি মেলাটির শেষ প্রান্তে রয়েছে আমাদের বাঙালি রেস্টুরেন্টগুলো, যা কিনা আপনাকে বঞ্চিত করবে না বাঙালি স্বাদ থেকে। এজন্য এই গলিকে বলা হয় ‘কারি হাউজ’। ভর্তা হতে শুরু করে সব ধরনের খাবার এইখানে পাওয়া যায়, যেমন- বিরিয়ানী, তেহারি, মোরগ পোলাও ইত্যাদি বিভিন্ন ধরনের মেন্যুও রয়েছে। এমনকি মিষ্টি জাতীয় সব ধরনের খাবারও রয়েছে।
ভালোই লাগছে এই ভেবে যে, কীভাবে বাঙালিরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে এই কারি হাউজগুলো এখনও টিকিয়ে রেখেছে ইংরেজদের মাঝে। আরও অবাক হচ্ছিলাম, যখন দেখলাম এখানকার বিভিন্ন দর্শনার্থীরা কীভাবে আমাদের দেশিয় খাবার খাচ্ছে অতি আগ্রহের সাথে।
তবে আমাদের দেশে যদি এই ধরনের মেলার আয়োজন করা যায় প্রতি সপ্তাহে, তাহলে এই প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে।
লেখক: প্রবাসী ফটোগ্রাফার
ইমেইল: md.saief@ymail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
