আটলান্টায় সংগীত বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী
প্রবাসে নতুন প্রজন্মের ভেতরে বাঙালির সাংস্কৃতিক গৌরব-গাঁথাকে সম্পৃক্ত করাসহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে নিতে ও রবীন্দ্র সঙ্গীতকে আত্মস্থ করাতে আটলান্টা সংগীত বিদ্যালয় প্রতিবছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করতে যাচ্ছে।
আগামী ১৪ মে বিভার রুইন রোডস্থ মন্টে কার্লো বলরুমে বিকেল সাড়ে ৫টায় 'ঋতু' শিরোনামে এ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্বনামধন্য গুণী শিল্পী, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক ও আবৃত্তিকাররা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নৃত্য, ঋতু বৈচিত্র্য বিষয়ক আলেখ্য এবং আলোচনায় অংশ নেবেন।
রবীন্দ্র জয়ন্তীর এই আয়োজনটিকে সফল করে তুলতে জর্জিয়ার সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে অংশ নিয়ে রবীন্দ্রনাথ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে নিজদেরকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন আটলান্টা সংগীত বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষক চন্দ্র শেখর দত্ত।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চট্রগ্রাম শাখার এই সাবেক সংগঠক রবীন্দ্রনাথের গানের ভেতর দিয়ে তাকে আরও গভীরভাবে চেনা এবং জানার অনুরোধ জানান।
আয়োজকরা জানিয়েছেন, এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক আবুল হাশেম ৬৭৮ ৬৪৩ ৩৭৫৯, অরূপ ধর ৬৪৬ ২০৪ ৬৬৪৮, সুব্রত গুপ্ত ৪৭০ ৩৩৫ ০৬১৯ কিংবা তাহমিদ রহমানের ৬৭৮ ৫৩১ ০১৩১ টেলিফোনে যোগাযোগ করা যেতে পারে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
