২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্কে বইমেলা

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে কিশোর মেলা এবং তৃতীয় সপ্তাহে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আয়োজন করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

তিনদিনব্যাপী এ বইমেলা এবং উৎসব চলবে চলতি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত বলে আহ্বায়ক ফেরদৌস সাজেদীন জানিয়েছেন।

তিনি জানান, ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার।

অধ্যাপক পবিত্র সরকার ‘মুক্তধারা বক্তৃতা ২০১৭’ দিবেন বলে জানিয়েছেন কথাসাহিত্যিক ফেরদৌস।

ঢাকা ও কলকাতা থেকে অন্য যাদের এ উৎসবে অংশ নেওয়ার কথা তাদের মধ্যে রয়েছেন- কালি ও কলম সাহিত্য পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, প্রকাশক, লেখক ও কিশোর ভারতী পত্রিকার সম্পাদক ও কলকাতা পুস্তকমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়,  সাহিত্যিক কণা বসু মিশ্র, প্রাবন্ধিক আহমাদ মাযহার ও সত্যম রায় চৌধুরী, এবং কবি আমিরুল ইসলাম, গবেষক ও প্রাবন্ধিক সায়মন জাকারিয়া ও শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালি।

কানাডা থেকে কথাসাহিত্যিক ও কবি ইকবাল হাসান, ছড়াকার লুৎফর রহমান রিটন ও লেখক জসিম মল্লিক এবং জার্মানি থেকে নাজমুন নেসা পিয়ারির উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক লেখক ও সাহিত্যমোদী উৎসবে তাদের অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন বলে জানান আহ্বায়ক সাজেদীন।

সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ ও ভারতের সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, ফেরদৌস আরা, শামা রহমান, দেবাঙ্গনা সরকার এবং অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী শিরীন বকুলের উৎসবে যোগ দেওয়ার কথাও নিশ্চিত করেছেন আয়োজকরা। এতে যোগ দিবেন প্রবাসের প্রতিশ্রুতিশীল ও খ্যাতিমান শিল্পীরাও।

ঢাকা থেকে যেসব প্রকাশনা এবারের মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে সেগুলো হচ্ছে- মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, স্টুডেন্ট ওয়েজ, অক্ষর প্রকাশনী, গতিধারা, শিখা প্রকাশনী, নালন্দা, ইত্যাদি গ্রন্থ সংস্থা, ধ্রুবপদ, পুঁথিনীলয়, আকাশ প্রকাশনা,  বেঙ্গল প্রকাশনা, কালি ও কলম, প্রথমা প্রকাশন, দোয়েল প্রকাশন।

কলকাতার প্রকাশনা সংস্থার মধ্যে আসছে পত্রভারতী, আজকাল ও সাহিত্যম।

কানাডা থেকে যোগ দিচ্ছে বেঙ্গলী লিটারারি রিসোর্স সেন্টার। যুক্তরাষ্ট্র থেকে সাহিত্য পত্রিকা ঘুংঘুর, ইসলামী বুক সেন্টার এবং মুক্তধারা নিউইয়র্কে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে।

প্রায় ২০টি পুস্তক প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান ২৬তম বইমেলায় রেকর্ড পরিমান নতুন বই নিয়ে যোগ দিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছে। 

বইয়ের স্টল ছাড়াও কলকাতা থেকে টানা ১১ বছর ধরে এই উৎসবে যোগ দিতে আসছে তিয়ারা বুটিক, ফ্লোরিডা থেকে আসছে লিয়া শাড়ী, টরন্টো থেকে আসছে শাড়ী হাউজ, নিউইয়র্ক থেকে সাঈদা কালেকশন্স।

এ বছরের বইমেলার অন্যতম আকর্ষণ হবে একাত্তরের সহযোদ্ধা স্যালি উইলোবির অংশগ্রহণ।

১৯৭১ সালে কিশোরী স্যালি বালটিমোর সমুদ্র বন্দরে পাকিস্তানি অস্ত্র বহনকারী জাহাজ “পদ্মা” অবরোধে অংশ নিয়েছিলেন। মৃত্যুভয় অগ্রাহ্য করে সামান্য একটি রাবারের ডিঙ্গি নৌকায় তিনি ও অন্য মার্কিন সহযোদ্ধারা সেই জাহাজকে নোঙ্গর করতে দেননি।

বাংলাদেশিদের পক্ষ থেকে মুক্তধারা ফাউন্ডেশন এই একাত্তরের সহযোদ্ধাকে সম্মাননা দিবে বলে জানিয়েছে।

বই উৎসব ও মেলা শুরুর সপ্তাহখানেক আগেই ১৩ মে সারাদিনব্যাপী শিশু-কিশোর মেলার আয়োজন করা হয়েছে।

নিউ ইয়র্কে এবারই প্রথমবার ৫ থেকে ১৮ বছরের প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে সারাদিনব্যাপী এ ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে।

বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ছাড়াও এতে থাকবে সন্ধ্যায় তিন ঘণ্টার একটি বিশেষ অনুষ্ঠান। এ উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান, তাদের শিশু-কিশোর মেলার সমন্বয়কারী মোশাররফ হোসেন (টেলিফোন- ৭১৮ ৩১৪ ৪৬৪৮) এর সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

বইমেলায় অন্যান্য বছরের মত এবারেও নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে এবং কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর বসবে।

আয়োজকরা জানান, দুই ক্ষেত্রেই এ বছর অগ্রাধিকার দেওয়া হবে নিউ ইয়র্কের বাইরের রাজ্য থেকে আসা লেখক ও কবিদের।

মোড়ক উন্মোচনে অংশ নিতে আদনান সৈয়দ (৬৪৬-৩৭৯-৮৬৭২) এবং স্বরচিত কবিতার জন্য মনজুর কাদের (৬৪৬-৫৭৫-৯৫৮৯) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিশু-কিশোর মেলা ও বইমেলার সকল অনুষ্ঠান বসবে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ ঠিকানায়।

বিস্তারিত তথ্যের জন্য দেখতে www.ibanglautsab.org এ ওয়েবসাইটে ভিজিট করতে অনুরোধ করেছেন আয়োজকরা।